শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না : মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম
শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না : মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

গাছতলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী চাঁদপুর-৩ আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহর নির্বাচনী গণসংযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী  সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ গাছতলা দরবার শরীফে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেন।

তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়নস্থ গাছতলা দরবার শরীফের খাজা আহমদ শাহ (র.)সহ অন্যান্য ওলীগণের মাজার জিয়ারত করেন। দোয়া ও মুনাজাত করেন দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী। মিলাদ কিয়াম পরিচালনা করেন পীরজাদা মাওলানা খাজা জোবায়ের। এরপর তিনি নেতৃবৃন্দকে সাথে নিয়ে সে এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, এই বাংলায় ইসলাম কায়েম হয়েছে আল্লাহর ওলীদের মাধ্যমে। হযরত শাহজালাল (র.),  শাহপরান (র.)সহ ৩৬০জন আল্লাহর ওলী এই উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। তাঁদের দাওয়াতী কার্যক্রমে আজকে আমরা মুসলমান এবং এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে।

অথচ মুসলমান নানধারী কিছু ভণ্ড, প্রতারক, মুনাফেক আল্লাহর ওলীদের অবদানকে অস্বীকার করে তাঁদের সমাধিস্থল পবিত্র মাজারকে ভাংচুর করে অবমাননা করে আসছে। তারা মানুষকে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলছে, জীবন্ত মানুষকে পিটিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে হত্যা করছে। দুঃখজনক হচ্ছে এসব জঘন্য মানবতা বিরোধী কর্মকাণ্ড তারা ইসলামের দোহাই দিয়ে করে পবিত্র ধর্ম, শান্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করছে। অথচ ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার ধর্ম। তাই ওইসব মোনাফেক জঙ্গি গোষ্ঠীকে আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিয়ে দিতে হবে, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে।

Model Hospital

তাদেরকে বুঝিয়ে দিতে হবে হযরত শাহজালাল শাহপরানের বাংলায় স্বাধীনতা বিরোধী, জঙ্গি গোষ্ঠী ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের মার্কা, সুফিবাদের মার্কা মোমবাতি মার্কায় ভোট দিয়ে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম এবং সুফিবাদী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সকল নবী প্রেমিক ওলী প্রেমিক সুন্নী মুসলমানকে আহ্বান জানান।

গণসংযোগকালে মোমবাতি প্রতীকের প্রার্থী এএইচএম আহসান উল্লাহ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটার ও ব্যবসায়ীদের সাথে তিনি দীর্ঘ সময় কথা বলেন। সাধারণ ভোটাররা জানান, সৎ ও যোগ্য প্রার্থীর পক্ষে তাদের সমর্থন সবসময় থাকবে।

গণসংযোগকালে প্রার্থী আরও বলেন, মোমবাতি হচ্ছে আলো ও শান্তির প্রতীক। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। শান্তি ও সম্প্রীতির বার্তা   আমরা প্রতিটি ঘরে পৌঁছাতে চাই।
এ সময় দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর পৌর শাখার সভাপতি মাওলানা আবদুর রউফ খান, ইসলামী যুবসেনা চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত, ফয়েজ আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।