শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দলের বাইরে ভিন্ন কোনো প্রতীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান লায়ন হারুনুর রশিদের

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৭ এম
দলের বাইরে ভিন্ন কোনো প্রতীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান লায়ন হারুনুর রশিদের

ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া স্কুল মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার প্রয়োগের সুযোগ না থাকায় জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও অধিকার ফিরে পাওয়ার একটি নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে জনগণ যেন তাদের মতামত প্রকাশ করেন—এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে শক্তিশালী করতে হবে। বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীদের জন্য নানা কল্যাণমূলক সুবিধা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সুবিধা পেতে হলে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের অধিকার নিশ্চিত করতে হবে।
লায়ন হারুনুর রশিদ আরও বলেন, বিএনপি একটি দল এবং একটি প্রতীকের মধ্যেই ঐক্যবদ্ধ। দলের বাইরে ভিন্ন কোনো প্রতীকে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া স্কুল মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য সোহেল খানের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, বিএনপি নেতা ও প্রবাসী বিপ্লব খান, রূপসা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু, সাবেক সংসদ সদস্যের পুত্র সাদমান সাকিব অপূর্ব, স্বেচ্ছাসেবক দলের নেতা মানিক পাটওয়ারী, বিএনপি নেতা আবু সায়েদ খান, আজাদ পাটওয়ারী, মশিউর রহমান রিপন, শাওন পাঠান।
সভায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।