বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরে তেলবাহী ট্যাংক লরির চাপায় পানের দোকানী নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৪৫ পিএম
চাঁদপুর শহরে তেলবাহী ট্যাংক লরির চাপায় পানের দোকানী নিহত
সজীব খান : চাঁদপুর শহরের স্ট্যান্ড রোড এলাকায় মেঘনা ডিপোর তেলবাহী লরির চাপায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সোয়া ৫টার  দিকে স্ট্র্যান্ড রোডস্থ কাজী ট্রেডার্স সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম শীতল চক্রবর্তী (৬৫)। তার পিতার নাম নগেন্দ্র চক্রবর্তী। তিনি শহরের জোড়পুকুর পাড় এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে পানের দোকানদারী করতেন।
দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সোমবার বিকেলে ওই পথচারী স্ট্র্যান্ড রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে আসা মেঘনা ডিপোর তেলবাহী লরি তার গায়ের উপরে উঠিয়ে দেয়। এতে ওই পথচারীর মুখমন্ডল লরির চাকার নিচে পিষ্ট হয়ে যায় এবং পেটের নাড়িভুড়ি বেরিয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক লরিটি ঘটনাস্থলেই আটকে রাখেন।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ মিয়া জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। সম্ভবত মেঘনা ডিপোর লরির চাপায় পথচারী নিহত হয়েছেন। খবর পেয়ে আমি সাথে সাথে থানা থেকে পুলিশ ফোর্স পাঠিয়েছি। বাকিটা তদন্তের পর বলা যাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।