শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম
চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী।

চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত কাজের মানসিকতা গড়ে ওঠে। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাই পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Model Hospital

তিনি আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা, প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে। এই একাডেমি শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “নিয়মিত ক্রীড়া চর্চা শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখে এবং সুস্থ ও সুন্দর জীবন গঠনে সহায়তা করে।”

এ সময় তিনি একাডেমির শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও সন্তানের শিক্ষা ও চরিত্র গঠনে সচেতন ভূমিকা রাখতে হবে।”

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি তাসলিমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান, কর্নার ডেভলপারস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, প্রথম আলো বন্ধুসভা চাঁদপুরের সভাপতি রোটারিয়ান ডাঃ মাসুদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জিয়া প্রধানীয়া, এবং বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক রাজীব চৌধুরী, প্রধান শিক্ষিকা পিয়াংকা রানী সাহা, সহকারি শিক্ষিকা নুরুন্নাহার, জয়শ্রী ঘোষ, চন্দ্রিকা পাল।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।