রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত ৮

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩২ এম
চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত ৮

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সংযোগের সময় বগির সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে এক রেলকর্মীসহ অন্তত আটজন আহত হয়েছেন।

আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চট্টগ্রাম-চাঁদপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস রাত পৌনে ৮টার দিকে লাকসাম রেলওয়ে জংশনের পাঁচ নম্বর লাইনে প্রবেশ করে। পরে চাঁদপুরের উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে ইঞ্জিন সংযোগের সময় হঠাৎ বগির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং পুরো রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুনসহ আটজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

Model Hospital

লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, ক্ষতিগ্রস্ত বগি ও ইঞ্জিন উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। পাশাপাশি রেললাইন মেরামতের কাজও চলছে। দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।