শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এতিমদের সঙ্গে ইফতার শেষে শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান পদে জহিরুল ইসলামের প্রার্থিতা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:৪৯ পিএম
এতিমদের সঙ্গে ইফতার শেষে শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান পদে জহিরুল ইসলামের প্রার্থিতা ঘোষণা

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির রায়ের বাগ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের সঙ্গে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে তিনি আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন।

বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন।

Model Hospital

তিনি বলেন, আমরা এখনও দলীয় সাংগঠনিক শক্তিতে ঐক্যবদ্ধ আছি, তবে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তিনি আরও বলেন, শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর দক্ষিণপাড়সহ পুরো উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে আরও বেশি ভূমিকা রাখতে চান তিনি। এ লক্ষ্যে এতিমদের সঙ্গে ইফতার মাহফিলে উপস্থিত জনসাধারণের সামনে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে দল ও স্থানীয় সংসদ সদস্যের সমর্থন পেলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও জানান।

জহিরুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্তে যদি আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাই, তাহলে শাহরাস্তি উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব এবং সুশাসন নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন রায়ের বাগ সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. কামাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  জসিমউদ্দিন এমএসসি। এছাড়া স্থানীয় মূল দল, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রায়ের বাগ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চিতোষী পূর্ব এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমদের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।