রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তুিতে অবৈধ মাটি কাটা ও অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযানে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৪৬ পিএম
শাহরাস্তুিতে অবৈধ মাটি কাটা ও অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযানে জরিমানা
শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল অবৈধভাবে উত্তোলন, অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় পরিচালিত পৃথক অভিযানে উপজেলার রাগৈ গ্রামে ভেকুর মাধ্যমে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল উত্তোলনের সময় একটি ভেকু মেশিন বিকল করা হয়।
এছাড়া ছিকুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮ অনুযায়ী একটি দোকানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। একই স্থানে ত্রিপলবিহীনভাবে বালু পরিবহনের দায়ে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী আরেকটি মামলায় ৫ হাজার  টাকা জরিমানা করা হয়।
এর আগে, সোমবার দিবাগত রাত (১৬ মার্চ) রাত  ১০টা থেকে  ২টা পর্যন্ত পৌর এলাকাসহ  উপজেলার  খনেশ্বর, সোনাপুর, নরসিংহপুর, ফেরুয়া ও স্বেতিনারায়নপুর এলাকায় টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি ভেকু মেশিন বিকল করা হয় এবং ৬টি ব্যাটারি জব্দ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  হিল্লোল চাকমা বলেন, কৃষি জমির উর্বরতা নষ্ট করে এমন অবৈধ টপ সয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ফসলি জমি রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অবৈধভাবে টপ সয়েল কাটা, পরিবেশ দূষণ কিংবা ভোক্তা অধিকার লঙ্ঘনের মতো অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।