শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় খাল দখলে ২০০ হেক্টর বোরো জমি পানির নিচে, দুশ্চিন্তায় কৃষক

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:২৫ পিএম
কচুয়ায় খাল দখলে ২০০ হেক্টর বোরো জমি পানির নিচে, দুশ্চিন্তায় কৃষক

কচুয়ায় প্রবহমান খাল দখল করায় ২শত হেক্টর জমির ইরিবোরো ধান পানির নিচে তলিয়ে গেছে, বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা।

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কয়েকটি গ্রামের একমাত্র পুরোনো খালটি দখল ও ভরাট হয়ে যাওয়ায় অন্তত ২০০ হেক্টর ইরি–বোরো জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে ফসলহানির শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

স্থানীয়দের ভাষ্য, গুলবাহার, মহদ্দিরবাগ, দেবিপুর, কাপিলাবাড়ি, মনপুরা ও কাদলাসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের প্রায় ৫০০ হেক্টর ফসলি জমির পানি চলাচলের একমাত্র মাধ্যম ছিল প্রায় ২০০ বছরের পুরোনো এই খালটি। কিন্তু বছরের পর বছর দখল ও ভরাটের কারণে এখন খালটির অনেক অংশে আর কোনো চিহ্নই নেই। কোথাও বাড়িঘর নির্মাণ করা হয়েছে, কোথাও ভরাট করে বানানো হয়েছে চলাচলের রাস্তা।

খালটি বন্ধ হয়ে যাওয়ায় বিলের পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়েছে। এতে সারা বছরই জলাবদ্ধতায় ভোগে ফসলি জমি। কৃষকেরা জানান, প্রতি বছর এ এলাকায় ৬০ থেকে ৭০ হাজার মণ ইরি–বোরো ধান উৎপাদন ব্যাহত হচ্ছে। চলতি মৌসুমে কালবৈশাখীর ঝড় ও ভারী বৃষ্টিতে জমে থাকা পানির কারণে অনেক জমির ধান হাঁটুপানি ডুবে গেছে।

কৃষক মো. আলমাছ উদ্দিন বলেন, “একটি প্রভাবশালী মহল খালটি ভরাট করে দুই পাশে বাড়িঘর তুলেছে, এমনকি খালের ওপর দিয়ে রাস্তা বানিয়েছে। ফলে বিলের পানি বের হতে পারছে না। প্রতি বছর আমাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।”

Model Hospital

আরেক কৃষক মিজান মোল্লা বলেন, “বর্ষা মৌসুমে খালের পানি বের হতে না পেরে আশপাশের বাড়িঘর ও সড়কে উঠে আসে। এতে চলাচলেও ভোগান্তি হয়। আমরা একাধিকবার অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো সমাধান পাইনি।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২২ সালে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও তখন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো হয়রানির শিকার হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, খালটি দখলমুক্ত করে দ্রুত পুনঃখনন করা হোক।

এ বিষয়ে কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান রাসেল বলেন, “উপজেলার কয়েকটি খাল খননের কাজ চলমান রয়েছে। অন্যান্য খাল খননের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। খাল দখলের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।