বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হার্টে দুটি ছিদ্র নিয়ে লড়ছে শিশু রমজান, চিকিৎসার জন্য বিত্তবানদের সহযোগিতা কামনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৪৯ পিএম
হার্টে দুটি ছিদ্র নিয়ে লড়ছে শিশু রমজান, চিকিৎসার জন্য বিত্তবানদের সহযোগিতা কামনা

দারিদ্র্যের কষাঘাতে থমকে গেছে আট বছরের শিশু রমজান গাজীর জীবন। জন্মের মাত্র সাত মাস পর ধরা পড়ে তার হার্টে রয়েছে দুইটি ছিদ্র। চিকিৎসকদের মতে, দ্রুত অপারেশন না করালে যে কোনো সময় তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন দিনমজুর বাবা-মা।

জানা যায়, চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শরিফ গাজী পেশায় একজন রাজমিস্ত্রি। দৈনিক আয়ের ওপর নির্ভর করেই চলে তার সংসার। পরিবারের অভাব-অনটনের মধ্যেই জন্ম নেয় ছেলে রমজান গাজী। জন্মের সাত মাসের মাথায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা নিশ্চিত করেন, জন্মগতভাবে তার হার্টে দুইটি ছিদ্র রয়েছে।

চিকিৎসকরা দ্রুত অপারেশনের পরামর্শ দিলেও অর্থাভাবে এখনো সন্তানের চিকিৎসা করাতে পারেননি বাবা-মা। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রমজানের বাবা শরিফ গাজী বলেন, “আমি গরিব মানুষ, রাজমিস্ত্রির কাজ করি। ছেলের চিকিৎসার জন্য অনেক চেষ্টা করছি। কিন্তু অপারেশনের খরচ বহন করা আমার পক্ষে সম্ভব না। সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানাই।”

রমজানের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দিন দিন আমার ছেলের অবস্থা খারাপ হচ্ছে। একটু সহযোগিতা পেলে হয়তো আমার সন্তানটা বাঁচবে।”

Model Hospital

চিকিৎসকদের মতে, দ্রুত অপারেশন করানো না গেলে শিশুটির জীবন ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। তাই ছোট্ট রমজানকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

অভাবের দেয়ালে আটকে আছে একটি শিশুর জীবন। মানবিক সহায়তা আর একটু ভালোবাসাই হয়তো ফিরিয়ে দিতে পারে ছোট্ট রমজানের মুখের হাসি।

পরিবারের সাথে যোগাযোগ : 01829-031550

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital