শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মুদি দোকানের আড়ালে রমরমা ইয়াবা ব্যবসা, দোকানি গ্রেপ্তার

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:২৬ পিএম
চাঁদপুরে মুদি দোকানের আড়ালে রমরমা ইয়াবা ব্যবসা, দোকানি গ্রেপ্তার

ফরিদগঞ্জে মুদি দোকানে আড়ালে রমরমা মাদক ব্যবসা, ইয়াবাসহ দোকানি গ্রেফতার।

মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল মাদক বেচাকেনা। স্থানীয়দের অভিযোগের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন দুই মাদক কারবারি। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর সভার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের দক্ষিণ পাশে বুজরুক আলী পাটওয়ারী বাড়ির অভিমুখে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ‘কবির স্টোর’-এর মালিক মো. কবির হোসেন (৩৪) এবং একই এলাকার সামছুর রহমান (৪৫)। কবির হোসেন স্থানীয় বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে এবং সামছুর রহমান মৃত আব্দুল মান্নানের ছেলে। অভিযানের সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াপদা ভবনের দক্ষিণ পাশে অবস্থিত ‘কবির স্টোর’ নামে একটি মুদি দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। এলাকাবাসীর দাবি, দোকানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে কবির হোসেন ও তার ভাই রাকিব হোসেন গোপনে ইয়াবা বিক্রি করে আসছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদক সংশ্লিষ্ট অপরাধে এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন কবির হোসেন ও তার ভাই রাকিব হোসেন। কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) আল-আমিন তালুকদারের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, আরিফ সরকার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুমায়েত হোসেন জুয়েলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে দুইজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কবির হোসেনের বিরুদ্ধে পূর্বে দুটি এবং তার ভাই রাকিব হোসেনের বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।