শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঘাশিরচর সর্বসেবা সংগঠনের নতুন যাত্রা: দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৫১ পিএম
ঘাশিরচর সর্বসেবা সংগঠনের নতুন যাত্রা: দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

মতলব উত্তরে ঘাশিরচর সর্বসেবা সংগঠনের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ, আত্মপ্রকাশ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন ঘাশিরচর সর্বসেবা সংগঠনের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ, আত্মপ্রকাশ ও বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১২ বছরের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন অতিথিরা।
শুক্রবার (১২ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মো. রাশেদুল হাসান চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজার গোলাম মোস্তফা মন্টু সরকার।
ঘাশিরচর সর্বসেবা সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সজিব হোসেন পিন্টু, শিক্ষা বিষয়ক সম্পাদক একরামুল হক সুজন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিয়াজী, নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান রোকন সরকার, সমাজসেবক শাহজাহান প্রধান, ফজলুর রহমান, আবুল কালাম ও আইয়ুব আলী মিয়াজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সেবা, সহযোগিতা ও উন্নয়ন এই মূলমন্ত্রকে ধারণ করে ঘাশিরচর সর্বসেবা সংগঠন গত ১২ বছর ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নিয়মিতভাবে ঈদ সামগ্রী বিতরণ, শিক্ষামূলক কার্যক্রম, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, মানবিক সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
তারা আরও বলেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করবে এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি চলমান উদ্যোগে পরিণত করবে।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
স্থানীয়দের মতে, ঘাশিরচর সর্বসেবা সংগঠনের এই উদ্যোগ সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।