মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পৌরসভার ১১নং ওয়ার্ডে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:০২ পিএম
শাহরাস্তিতে পৌরসভার ১১নং ওয়ার্ডে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা
শাহরাস্তিতে মাদকের বিস্তার রোধ এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘মাদক বিরোধী জনসচেতনতামূলক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ওইদিন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকবিরোধী এ আন্দোলনকে শুধু প্রশাসনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে এটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। গত শুক্রবার উপজেলার পৌরশহরের ১১ নং ওয়ার্ডের  কৃষ্ণপুর মহল্লার  বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মীর মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি যুবসমাজ ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন  ওসি  তদন্ত রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নাজির হোসেন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান জামাল, জহিরুল হক পাটোয়ারী, বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ এম বদিউজ্জামান ভূঁইয়া, নাছির উদ্দিন পাটোয়ারী, ডাঃ দিদার হোসেন এবং ব্যবসায়ী মোঃ মাকসুদ। বক্তারা বলেন, মাদকবিরোধী আন্দোলনকে সফল করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।
সম্মিলিত উদ্যোগ ছাড়া একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। ওই সময় কৃষ্ণপুর গ্রামের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুলসংখ্যক তরুণ-যুবক এবং সাধারণ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত সবাই ‘মাদককে না বলি, মাদকমুক্ত পরিবার গড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি’ প্রত্যয়ে শপথ নেন এবং নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”