বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতি কমিটির সভা 

মো. মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:১০ পিএম
শাহরাস্তিতে দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতি কমিটির সভা 
সাম্প্রতিক অতিবর্ষণ ও উজানের ঢলে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় শাহরাস্তি উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার সকল আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু, মেডিকেল টিম গঠন এবং ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় রাখাসহ ১৩ দফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। সভা পরিচালনা করেন কমিটির সদস্য-সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা.) সোহেল রানা পাপ্পু।
সভার শুরুতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু সাম্প্রতিক বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে বলেন, “উজানের পানি নেমে আসা এবং অতিবর্ষণের কারণে উপজেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তাই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। আশ্রয়কেন্দ্র, ত্রাণ ও জরুরি সেবার সব ধরনের প্রস্তুতি এখন থেকেই সম্পন্ন করতে হবে। সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, “সম্ভাব্য দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ, জেলে ও নদী তীরবর্তী বাসিন্দাদের আগাম সতর্ক করতে হবে। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখতে হবে। উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সার্বক্ষণিক মাঠে প্রস্তুত থাকবে।”
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে, উপজেলার সব আশ্রয়কেন্দ্র খোলা ও ব্যবহার উপযোগী রাখা, সেখানে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, ওআরএস ও প্রয়োজনীয় সামগ্রীর মজুদ নিশ্চিত করা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু রাখা, স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে মেডিকেল টিম গঠন, গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা, বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইনের গাছপালা অপসারণ, নিরাপদ পানীয় জল নিশ্চিতকরণ এবং মসজিদের মাইকসহ বিভিন্ন মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি।
এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও সচিবদের দুর্যোগকালীন সময়ে নিজ নিজ এলাকায় অবস্থান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। প্রয়োজন হলে ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার-ভিডিপি, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করারও সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  আকলিমা জাহান,শাহরাস্তি  মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান,সভায় উপজেলা প্রকৌশলী মইনুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. সাজ্জাদুর রহমান , প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাকসুদ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার, আনসার ও ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।