শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দুর্ঘটনা রোধে প্রশাসনের সিদ্ধান্ত

শাহরাস্তিতে দিনে বন্ধ ভারী ট্রাক, চলবে রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৩৫ পিএম
শাহরাস্তিতে দিনে বন্ধ ভারী ট্রাক, চলবে রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত
চাঁদপুরের শাহরাস্তিতে সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা রোধ ও যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার প্রধান সড়কে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং মালবাহী ভারী ট্রাকের চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের সভাপতিত্বে সভায় প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় শাহরাস্তি উপজেলা ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সাম্প্রতিক দুর্ঘটনা, ভারী যানবাহন ও ছোট পরিবহনের বেপরোয়া চলাচল, যানবাহনের আইনগত ফিটনেস, ট্রাফিক পুলিশের ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি সম্পূর্ণভাবে বন্ধ করা কঠিন হলেও সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অকাল মৃত্যু অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। গণপরিবহন, বিশেষ করে মালবাহী ডাম্প ট্রাক ও সিএনজি অটোরিকশাসহ ছোট-বড় যানবাহনের বেপরোয়া গতি ও চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি যানবাহনের বৈধ কাগজপত্র ও ফিটনেস নিশ্চিত এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসন একা কাজ করলে হবে না। পুলিশ, পরিবহন শ্রমিক, মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা, অকাল মৃত্যু ও জনভোগান্তি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবারের দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা জানিয়ে ইউএনও বলেন, যারা আপনজন হারিয়েছেন, তারাই এ কষ্ট সবচেয়ে বেশি বোঝেন। ভবিষ্যতে যাতে এভাবে আর কোনো প্রাণ ঝরে না যায়, সে জন্য সবাইকে সঙ্গে নিয়ে প্রশাসন কাজ করবে।
আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, আগামী দিন থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার প্রধান সড়কগুলোতে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মালবাহী ভারী ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুধু রাত ৯ টা থেকে সকাল সাতটা পর্যন্ত ওই যান চলাচল করতে পারবে। এ সিদ্ধান্ত অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
সভায় ট্রাফিক আইনের শতভাগ প্রয়োগ নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের টিআই মোহাম্মদ রফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত ব্যক্তিরা। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের আহ্বান জানানো হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, সড়কের যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বদ্ধপরিকর। প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে। সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা রোধে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। মঙ্গলবারের দুর্ঘটনায় তিনজনের প্রাণহানিতে তিনি দুঃখ প্রকাশ করেন।
সভায় শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, শাহরাস্তি মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ রফিকুল ইসলাম, ট্রাফিক পুলিশের টিআই মোহাম্মদ রফিকুল ইসলাম, গণমাধ্যমকর্মী মইনুল ইসলাম কাজল, মোঃ মাসুদ রানা, ফয়েজ আহমেদসহ বিভিন্ন শ্রমিক পক্ষের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা এবং চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।