মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:১৩ পিএম
শাহরাস্তিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
শাহরাস্তিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জনসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) শাহরাস্তি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
‘মুস্তফা জানে রহমত পে লাখো সালাম’সহ বিভিন্ন স্লোগানে র‍্যালিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। র‍্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরের নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সংগঠনের বিভিন্ন অংশ থেকেও পৃথক মিছিল নিয়ে নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষ মূল র‍্যালিতে এসে যোগ দেন। ফলে সভাস্থল জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বিশাল জনসভা ও আলোচনা সভা।
শাহরাস্তি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি আলহাজ্ব আল্লামা অধ্যক্ষ  রফিকুল ইসলাম আল কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি ।
প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি  ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। মহানবী (সা.)-এর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আল্লামা রফিকুল ইসলাম আল কাদরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান রহমত। তাঁর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করাই মুসলমানদের জীবনের অন্যতম দায়িত্ব। তিনি হিংসা-বিদ্বেষ পরিহার করে শান্তি, ঐক্য ও সম্প্রীতির পথে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, সমাজসেবক আব্দুল মান্নান মোল্লা, মুফতি ফজলুল কাদের বাগদাদী, খোরশেদ আলম আল কাদরী, অধ্যক্ষ সাইয়েদুল ইসলাম আজহারী, মুফতি নিয়ামত উল্লাহ আল কাদরী, মাওলানা রায়হান জালালি আশেকী, শামছুর জামান, মাওলানা মেজবাহ উল হক লতিফী, কাজী আব্দুল হান্নান, উপাধ্যক্ষ মাসুদ আল কাদরী, প্রভাষক জাহাঙ্গীর আলম, মুফতি আনিসুর রহমান মাক্কী ও খায়রুল ইসলাম স্বপন।
এ সময় আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মী, আলেম-ওলামা, বিভিন্ন দরবার শরীফের ভক্ত-মুরিদসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রসেনার সভাপতি আনিসুর রহমান।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”