মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও মনিরা খাতুন

শাহরাস্তিতে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে ব্যাপক হারে টিকাদান কার্যক্রম শুরু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ পিএম
শাহরাস্তিতে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে ব্যাপক হারে টিকাদান কার্যক্রম শুরু
চাঁদপুরের শাহরাস্তিতে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে পথকুকুরকে ব্যাপক হারে জলাতঙ্ক প্রতিষেধক টিকা (এমডিভি) দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে এমডিভি কার্যক্রম ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং শাহরাস্তি পৌরসভা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সপ্তাহব্যাপী এ কর্মসূচি পরিচালিত হবে।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা ও সঠিক সময়ে টিকাদানের মাধ্যমে এটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। সুস্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পথকুকুরের শরীরে এ টিকা প্রদান অত্যন্ত জরুরি। প্রাণিসম্পদ দপ্তরের এই প্রশংসনীয় উদ্যোগের ফলে জলাতঙ্কের বিস্তার রোধ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দূর হবে এবং সংক্রমণের ঝুঁকি শূন্যের কোঠায় নেমে আসবে।
কর্মসূচির সফলতা নিয়ে তিনি বলেন, পৌরসভা ও উপজেলার প্রতিটি ১০ টি  ইউনিয়নের সব স্থানে যেন কোনো পথকুকুর টিকাদানের আওতা থেকে বাদ না পড়ে, সেদিকে সংশ্লিষ্ট টিমগুলোকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি জলাতঙ্ক প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার এবং টিকাদানকারী কর্মীদের সহায়তা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম জানান, সপ্তাহব্যাপী এ বিশেষ কর্মসূচির আওতায় শাহরাস্তি পৌরসভা ও উপজেলার সব ইউনিয়নের প্রতিটি এলাকায় ঘুরে পথকুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হবে। এর মাধ্যমে প্রাণিসম্পদ বিভাগ উপজেলাকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আকতার হোসেন পাটওয়ারী,উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, এবং সাংবাদিক নেতা হাবিবুর রহমান ভূঁইয়া, মঈনুল ইসলাম কাজল, মোঃ মাসুদ রানা, নোমান হোসেন আখন্দ, প্রধান সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম। এ ছাড়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।ওই টিমের কর্মপরিকল্পনায় জানা গেছে, কার্যক্রম পরিচালনার জন্য পৌরসভা এলাকায় ছয়টি টিম (এ থেকে এফ) গঠন করা হয়েছে, প্রতিটিতে চারজন সদস্য রয়েছেন। টিমগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত রুটে কার্যক্রম চালাবে। সকালের শিফটে কোনো স্থান বাদ পড়লে বা ঘাটতি থাকলে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় দফায় সেখানে টিকা দেওয়া হবে।
পৌরসভায় প্রথম দিন (৭ অক্টোবর, বুধবার) কালীবাড়ী বাজার, ঠাকুর বাজার, কালিয়া পাড়া ও নোয়াগাঁওসহ বিভিন্ন এলাকায় এবং দ্বিতীয় দিন (৮ অক্টোবর, বৃহস্পতিবার) উপজেলা পরিষদ, শাহরাস্তি মাজার ও জুমাবাড়ীসহ বিভিন্ন এলাকায় টিকা দেওয়া হবে। বিশেষ পরিস্থিতিতে টিমের সদস্য, সময় ও স্থান পরিবর্তন বা সংশোধন করা হতে পারে।

ডা. শেখ মহসীন আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ পিএম
ডা. শেখ মহসীন আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত

চাঁদপুরের আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে (টি.আর.) শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন।

৪ অক্টোবর ২০২৬, রবিবার দুপুর ১২টা থেকে কলেজ প্রাঙ্গণে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহযোগী অধ্যাপক আলহাজ্ব ডা. মো. সাহিদুল হক পাটোয়ারী ও সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যক্ষ ভোটে ডা. শেখ মো. মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।

জেলা প্রশাসক, চাঁদপুরের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাঈমা আফরোজের সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিজয়ী শিক্ষক প্রতিনিধি ডা. শেখ মো. মহসীন সকল ভোটার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Model Hospital

কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক চাঁদপুর পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রথমে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাচনের দায়িত্ব অর্পণ করা হয় জেলা প্রশাসনের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাঈমা আফরোজের ওপর।

জানা গেছে, আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। কলেজ প্রতিষ্ঠার উষালগ্ন থেকেই ডা. শেখ মো. মহসীন প্রতিষ্ঠানটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। দল-মত নির্বিশেষে চাঁদপুরবাসীর ভালোবাসা ও সহযোগিতায় নানা বাধা-বিপত্তি পেরিয়ে কলেজটি আজ প্রতিষ্ঠিত হয়েছে।

অপর প্রতিদ্বন্দ্বী সহযোগী অধ্যাপক আলহাজ্ব ডা. মো. সাহিদুল হক পাটোয়ারী অত্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রোটারিয়ান ডা. মোজাম্মেল হক পাটোয়ারীর ছোট ভাই।