হাজীগঞ্জে নবাগত ওসি কাওসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
চাঁদপুরের হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়ার সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) হাজীগঞ্জ থানার হলরুমে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাজীগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় ওসি কাওসার আলম ভূঁইয়া বলেন-হাজীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। সাধারণ মানুষ যেন সহজে পুলিশের সেবা পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় সাংবাদিকরা হাজীগঞ্জের বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, স্থানীয় সমস্যা, মাদক ও অপরাধসংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সঠিক তথ্য যাচাই এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এ সময় সাংবাদিকরা স্থানীয় সমস্যা সমাধান ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে গণমাধ্যমের কার্যকর যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় হাজীগঞ্জে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





