শাহরাস্তিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের নতুন হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, ইঞ্জিঃ লায়ন মমিনুল হক এমপি । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন।
সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য শৈশব থেকেই যথাযথ পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সঠিক পুষ্টি না পেলে কোনো শিশুই তার মেধা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারে না। শিশুর পুষ্টি নিশ্চিত করতে মায়ের পুষ্টির বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। তাই পরিবারের প্রতিটি সদস্যের সুষম খাদ্য গ্রহণ এবং বিশেষ করে মা ও শিশুর পুষ্টির প্রতি সবাইকে সচেতন হতে হবে। দুধ, ডিম, মাছ, মাংস, শাকসবজি ও ফলমূলসহ পুষ্টিকর খাবার খাদ্যতালিকায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।ওই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম বলেন, নিরাপদ ও মানসম্মত দুধ, ডিম ও মাংস উৎপাদন নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তর বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।
বাণিজ্যিকভাবে পালন করা লেয়ার, ব্রয়লার ও সোনালি মুরগির জন্য সুষম খাদ্য নিশ্চিত করতে ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্সের আওতায় আনা হয়েছে। দুধের গুণগত মান ও নিরাপত্তা যাচাইয়ে প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি বিভিন্ন পর্যায় থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে। মাংস রপ্তানির ক্ষেত্রেও প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ও সনদ প্রদানের কার্যক্রম চলছে।
তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রায় ৩০ হাজার গবাদিপশু এবং ১৫ লাখ হাঁস-মুরগিকে চিকিৎসাসেবা দিয়েছে। হাসপাতালে সিজারিয়ান সেকশন, হার্নিয়া অপারেশন, কৃমিনাশকসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ, উঠান বৈঠক ও উন্নত পশুখাদ্য উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে।
বিশেষ করে দানাদার খাদ্যের ওপর নির্ভরতা কমিয়ে সবুজ ঘাস চাষে খামারিদের আগ্রহ বাড়ছে। সুস্থ ও মেধাবী জাতি গঠনে প্রাণিজ আমিষের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, দুধ, ডিম ও মাংসের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে নিরাপদ প্রাণিজ পণ্য সরবরাহের লক্ষ্যে অধিদপ্তর কাজ করছে।উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপহেলা সহকারী কমিশনার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাসের শাকিল, ডা. দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মোঃ সাজ্জাদুর রহমান, শাহরাস্তি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন এবং খামারি বিল্লাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা প্রাণিসম্পদের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, খামারিদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের আওতায় আনা এবং জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।