শাহরাস্তিতে ইতেকাফে মুসল্লী তসলিম পাটোয়ারীর মৃত্যু
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৪:৪৯ পিএম
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে মসজিদে এতেকাফ ও রোজারত মুসল্লী ফজরের সালাত আদায়রত অবস্থায় তসলিম হোসেন পাটোয়ারী (৬২) অসুস্থ হয়ে পড়েন ।
পরে শনিবার (২৩ এপ্রিল) শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার মেহের দক্ষিণ ইউপির ফতেপুর গ্রামের মৃত আকুব আলী পাটোয়ারীর পুত্র তসলিম হোসেন পাটোয়ারী মাহে রমজানের শেষ দশক উপলক্ষে শুক্রবার বিকেল ফতেপুর উত্তর পাড়া জামে মসজিদে এতেকাফ অবস্থান নেন। শনিবার সকাল ৬টার দিকে তিনি মসজিদে ফজরের সালাত পড়া অবস্থায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন।
বিকেল সাড়ে ৩ টার সময় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম তসলিম হোসেন পাটোয়ারী প্রথম জীবনে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় খন্ডকালীন ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
তারপর তিনি ইউরোপের রাশিয়া ফ্রান্স সহ বিভিন্ন দেশে দীর্ঘদিন কাটিয়ে ঢাকা ব্যবসা-বাণিজ্য শুরু করেন। সদা হাস্যজ্জল নম্র-ভদ্র, দানবীর সমাজ সচেতন ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। তার এই অকাল প্রয়াণে নিজ গ্রাম সহ সমগ্র উপজেলায় পরিচিতদপর মাঝে শোকের ছায়া নেমে আসে।








