বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক যুব দিবসে শাযুকস এর আলোচনা সভা ও আনন্দ ভ্রমন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ২:৫৯ পিএম
আন্তর্জাতিক যুব দিবসে শাযুকস এর আলোচনা সভা ও আনন্দ ভ্রমন
শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তি যুব ও ক্রিড়া সংসদ (শাযুকস)এর আয়োজনে “আন্ত:প্রজন্ম সংহতিঃ কাউকে ফেলে রেখে নয়, বরং সবাইকে নিয়ে সকল বয়সের জন্য একটি বিশ্ব তৈরি করা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া  নদীর বুকে নৌ-আনন্দ ভ্রমণ এর মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবস ২০২২ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ই আগষ্ট শুক্রবার পড়ন্ত বিকেলে ডাকাতিয়া নদীর বুকে এই আলোচনা সভা ও আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়।
একটি সামাজিক সংহতি ও সম্প্রীতির মানবিক মূল্যবোধের স্বপ্ন নিয়ে মূল চালিকাশক্তি  যুবকদের উদ্যোগে জীবন চলার পথকে মসৃণ করার জন্য জীবনলব্ধ শিক্ষা ও সঠিক অভিজ্ঞতা দিয়ে মানুষকে সঠিক পথপ্রদর্শনে সহায়তার লক্ষ্যে এই যুব দিবসের আয়োজন করা হয়।
শাযুকস এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাযুকস এর প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ও প্রধান আলোচক সংসদের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মো.মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাযুকস এর উপদেষ্টা বাদশা ফয়সাল ও মাওলানা মাইনউদ্দিন ও প্রধান সমন্বয়ক শাহ আলম ভূঁইয়া।
সভায় বক্তারা বলেন, যুবকদের কথা- কাজ ও উদ্যোগগুলোর পাশাপাশি তাদের জীবনের অর্থবহ দিক ও সার্বজনীনতা সবার কাছে তুলে ধরা এবং স্বীকৃতি দেয়া এ দিবস পালনের মূল লক্ষ্য।
আর এ যুব দিবসের সঙ্গে যারা দীর্ঘদিন থেকে কাজ করছে যুবকদের ব্যক্তিত্ব, নৈতিক চরিত্র ও পেশাগত উন্নয়ন নিয়ে তেমনই একটি সংগঠনের নাম শাহরাস্তি যুব ও ক্রিড়া সংসদ।
বর্তমানে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীই তরুণ ও যুবক। তারাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রকৃত কারিগর।
আনন্দ ভ্রমনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালকগন যথাক্রমে সেফায়েত উল্যাহ ফিরোজ,আহসান হাবীব পাটোয়ারী, মো.জাকির হোসাইন ও ইব্রাহিম  খলিল সহ সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে আগত দায়িত্বশীলবৃন্দ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।