শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

অবৈধ জাগ, কারেন্ট জাল, চায়না চাই ও জাটকা নিধনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৪:২৫ পিএম
অবৈধ জাগ, কারেন্ট জাল, চায়না চাই ও জাটকা নিধনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান
মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ জাগ, কারেন্ট জাল, চায়না চাই ও জাটকা নিধনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন।
১৮ জানুয়ারি বুধবার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার  আশরাফুল হাসান। উপজেলা মৎস্য অফিস, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে ২০টির মতো অবৈধ জাগ অপসারণ করা হয়। এ সময় প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫টি চায়না চাই বিনষ্ট করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।