আশিকাটিতে একাধিক গ্রামীণ সড়কের করুণ হাল : সংস্কার জরুরী
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের কয়েকটি সড়ক নতুন করে সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। স্থানীয় সরকারের এলজিইউডি বিভাগের আশিকাটির কয়েকটি সড়ক দীর্ঘদিন যাবৎ সংস্কার না করার কারনে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। সড়কগুলো দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

স্থানীয়রা জানিয়েছেন, বারবার সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

জানা গেছে, চাঁদখান বাজার থেকে শাহাতলী বাজার সড়ক, কালীভাংতি থেকে রালদিয়া সড়ক দু’টি অতি জরাজীর্ণ সড়ক অবস্থার ভেতর দিয়ে পথচারীদের যাতায়েত করতে হচ্ছে। চাঁদখার বাজার শাহাতলী সড়ক দিয়ে হাপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়, এবং কালীভাংতি রালদিয়া সড়ক দিয়ে রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়েত করছে। শিক্ষার্থীসহ এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ সড়ক দুটি।

সড়ক দুটিতে বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে গেছে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা।

স্থানীয়রা জানান, তারা এলজিইডি বিভাগে বারবার সংস্কারের দাবি জানিয়েও কোনো সাড়া পাননি।
হাপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম জানান, চাঁদখান দোকান থেকে হাপানীয়া সড়কটি দিয়ে তাদের বিদ্যালয়টি ছাত্র ছাত্রীসহ সাধারণ মানুষ আশিকাটি ইউনিয়ন পরিষদ, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়, চাঁদখান বাজারসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে যাতায়েতের একমাত্র পথ. সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কার প্রয়োজন। কিন্তু বর্তমানে রাস্তার বেশির ভাগ স্থানেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে বিদ্যালয়ে আসা শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বাবুরহাট বাজার ব্যবসায়ী আলহাজ্ব বাদশা খান জানান, কালী ভাংতি থেকে রালদিয়া সড়কটি সংস্কার না হওয়ার কারনে আমাদের চলাচলের মারাত্মক প্রতিবন্ধকতা হচ্ছে।
এ সড়কটি দিয়ে চাঁদপুরের গুরুত্বপূর্ণ বাজার বাবুরহাটে সর্ব সাধারণের যাতায়েত করতে হচ্ছে, এ ছাড়াও বাবুরহাট স্কুল এন্ড কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, হাসান আলী, আল আমিনসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা যাতায়েত করছে প্রতিনিয়ত। রাস্তাটিতে বেশ কিছুদিন ধরেই অসংখ্য ছোট বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে অতিদ্রুত রাস্তাটি সংস্কারের প্রয়োজন।
আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ বিল্লাল খান জানান, রাস্তায় অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুঘর্টনা ঘটছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষেরও নাভিশ্বাস ওঠে যায়।
স্থানীয় ইউপি সদস্য আলফু খান জানান, কালীভাংতি রালদিয়ার রাস্তাটি চলাচলে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেন। সেই সঙ্গে রাস্তাটি সংস্কারে চেরম্যানের মাধ্যমে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এবং বেশ কয়েক বছর যাবৎ রাস্তাটি সংস্কার না হওয়ায় তিনি চেয়ারম্যানের মাধ্যম এলজিইডির কর্তৃপক্ষকে জানান।
আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী জানান, আশিকাটিতে কয়েকটি রাস্তাই সংষ্কার জরুরী হয়ে পড়েছে। বর্তমান সরকার গ্রাম হবে শহড়, সে কথার বাস্তবায়নের জন্য আশিকাটিতে ব্যাপক কাজ হয়েছে। এ দুটি সড়ক সংষ্কার হলে শিক্ষার্থীসহ এলাকাবাসীর কষ্ট লাঘব হবে। সড়কগুলো সংস্কারের জন্য এলজিইডিকে কয়েকবার অবহিত করেছি। দ্রুত সংষ্কারের জন্য এখন যোগাযোগ অব্যাহত রেখেছি। সড়কগুলো শিগগিরই সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা এসও আইউব বলেন, সড়কগুলোর কথা আমাদের জানা আছে। ইউনিয়ন পরিষদ ও স্থানীয়রা আমাকে জানিয়েছে। বরাদ্ধ আসলেই সংস্কার করা হবে।








