শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে পপুলার বিডিনিউজ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মাননা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৯ পিএম
হাজীগঞ্জে পপুলার বিডিনিউজ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মাননা প্রদান
ভাষার মাসে শিল্পী সংস্কৃতির চর্চা অব্যাহত থাকলে মানুষ সুন্দরভাবে কথা বলা শিখবে:
শিশু সাহিত্যিক ফারুক হোসেন 
:: নিজস্ব প্রতিবেদক : শিশু সাহিত্যিক ফারুক হোসেন বলেছেন, ভাষার মাসে শিল্পী সংস্কৃতির চর্চা অব্যাহত থাকলে মানুষ সুন্দরভাবে কথা বলা শিখবে। মাতৃভাষাকে সম্মানিত করতে হলে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। সুন্দর ভাবে লিখতে হবে। শুদ্ধ ভাবে লিখতে হবে। তাহলে ভাষা কিন্তু আর কাঁদবে না। ভাষার মর্যাদা আমরাই প্রতিষ্ঠিত করেছি। পৃথিবীর একমাত্র ভাষা বাংলা। যার জন্য জীবন দিতে হয়েছে। তাহলে এই ভাষাকে বিকৃতভাবে বলা বা লেখা যাবে না।
তিনি শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পপুলার বিডিনিউজ সাহিত্যিক ও সাংস্কৃতিক সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাবেক সচিব ও ছড়াকার ফারুক হোসেন আরো বলেন, বইয়ের সঙ্গে আমাদের থাকতে হবে, বই পড়তে হবে। বই পড়তে পড়তে কাঁদতে হবে। হাসতে হবে। বই পড়তে পড়তে আবেগ প্রবণ হতে হবে। বইয়ের যেই বর্ণমালার সাথে সম্পর্ক তা একটি শিশুর মন ও মননকে উজ্জ্বল হয়ে উঠে। বইয়ের মাধ্যমে শিশুর মেধা বিকশিত হবার জায়গা খুঁজে পায়।
সম্মাননা অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, পরিশুদ্ধ একটি সাহিত্য সংস্কৃতির জায়গা চাঁদপুর জেলা। প্রতি বছর এভাবে গুণীজনদের সম্মানিত করলে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে।
হাজীগঞ্জ বাজারের বালুর মাঠে আয়োজিত অমর একুশে বই মেলার চতুর্থ দিনে প্রয়াত প্রাবন্ধিক মাহমুদুল বাসার ও বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নু স্মরণে ছয়জনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিতরা হলেন সাহিত্যে সালাম সালেহ উদ্দিন, শিক্ষায় সাবিহা সুলতানা, প্রাবন্ধিক ও অনুবাদে মাঈনুল ইসলাম মানিক, সাংবাদিকতায় কাদের পলাশ, সংগঠক আলী আশরাফ দুলাল ও সংগঠনে সবুজ সংঘ।
অন্যান্যদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর, অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, প্রাবন্ধিক ও ছড়াকার ডা পীযূষ কান্তি বড়ুয়া।
এমজি ( মালেক গাজী) ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পরিচালক মো. সাদেক গাজীর সভাপতিত্বে ও শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পপুলার বিডিনিউজের এডিটর ও এসএ টিভির প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু।
অনুষ্ঠানে মাহবুবুল আলম চুন্নুর স্মরণে স্মৃতি চারণ ও জীবন বৃত্তান্ত তুলে ধরেন সাংবাদিক ও কলামিস্ট জাকির মজুমদার এবং মাহমুদুল বাসার স্মরণে প্রামাণ্য চিত্র তুলে ধরেন মনিরুজ্জামান বাবলু। পরে সংবর্ধিতরা তাদের অনুভূতি প্রকাশ করেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।