বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে উত্তর কালিকাপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক মাহফিলে

মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকান্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নীত করেছেন শেখ হাসিনা : ইসফাক আহসান

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:২৬ পিএম
মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকান্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নীত করেছেন শেখ হাসিনা : ইসফাক আহসান

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি বলেছেন, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকান্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নীত করেছেন। স্বাধীন দেশের ধর্মীয় উগ্রবাদ নির্মূলের সাফল্যও তার সরকারের বড় অবদান।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় মতলব দক্ষিণ উপজেলার উত্তর কালিকাপুর জামিয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে ৪র্থ বাৎসরিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশকে সব ধর্মের সব মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু ছিলেন সদা সচেষ্ট। বঙ্গবন্ধুর স্বল্পকালীন শাসনামলে দেশ ও জাতির সার্বিক কল্যাণার্থে গৃহীত প্রতিটি পদক্ষেপ ছিলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের অনুগমী। তিনি ইসলামের প্রচার-প্রসারে বাস্তবভিত্তিক ও কার্যকরী নানামুখী ব্যবস্থা নিয়েছিলেন।

অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রধান। উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে কুরআন ও হাদিস থেকে বয়ান করেন ফয়েজীয়া দরবার শরীফের পীর সাহেব মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরী।

Model Hospital

এদিকে মাহফিল শুরুর আগে উত্তর কালিকাপুর জামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন এম ইসফাক আহসান।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রধান, মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন পাটওয়ারী, মতলব পৌরসভার কাউন্সিলর সারওয়ার সরকার লিখন, যুবলীগ নেতা গাজী মো. বিল্লাল হোসেন, কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি কাউয়ুম কিরণ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তামিম।

ময়লা-আবর্জনার ভাগাড় থেকে প্রাণ ফিরছে চাঁদপুর বিদ্যাবতী খালে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম
ময়লা-আবর্জনার ভাগাড় থেকে প্রাণ ফিরছে চাঁদপুর বিদ্যাবতী খালে

চাঁদপুর শহরে প্রবেশের পথে একসময় চোখে পড়ত বিদ্যাবতী খাল। শহরের বুক চিরে বয়ে চলা এই খাল ছিল এলাকার পরিবেশ ও জলপ্রবাহের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে দৃশ্যপট। দীর্ঘদিন খনন ও পরিষ্কার না করায় খালের বিভিন্ন অংশে জমেছে ময়লা-আবর্জনা ও কচুরিপানা। কোথাও কোথাও পরিণত হয়েছে নর্দমার ভাগাড়ে। এর মধ্যে প্রভাবশালী ব্যক্তিদের দখলে সংকুচিত হয়েছে খালের বিভিন্ন অংশ। হারাতে বসেছিল ঐতিহ্যবাহী খালটির স্বাভাবিক রূপ।

অবশেষে দীর্ঘদিন পর খালটি পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। গত ৩ নভেম্বর থেকে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় এবং সড়ক বিভাগের তত্ত্বাবধানে আপাতত শহরের ওয়ারলেস এলাকা থেকে বাবুরহাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশে এ কার্যক্রম চলবে। এতে দীর্ঘদিনের অবহেলায় মলিন হয়ে পড়া খালটি ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

শুধু দূষণ নয়, খালের জায়গা দখলের অভিযোগও দীর্ঘদিনের। একের পর এক স্থাপনা নির্মাণের ফলে খালটির স্বাভাবিক বিস্তৃতি কমেছে। বিশেষ করে ওয়ারলেস থেকে বাবুরহাট পর্যন্ত অংশে খালের ওপর অবৈধভাবে প্রায় অর্ধশত কালভার্ট নির্মাণ করা হয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। ফলে খালটির স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, শুধু ময়লা-আবর্জনা পরিষ্কার করলেই হবে না, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং দখলমুক্ত করাও জরুরি। কাজটি পরিকল্পিতভাবে করা গেলে শহরের পরিবেশ ও সৌন্দর্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

Model Hospital

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিদ্যাবতী খাল চাঁদপুরের ঐতিহ্যের অংশ। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও কচুরিপানায় খালটি তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে। শহরের পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি চাঁদপুরের সৌন্দর্য বাড়াতে খালটি পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে খালটির পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং অবৈধ দখল রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, চাঁদপুরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, খালের দুই পাড়ে পরিকল্পিতভাবে দৃষ্টিনন্দন গাছ লাগানো এবং প্রয়োজনীয় সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হোক। ওয়ারলেস থেকে বাবুরহাট পর্যন্ত সড়কের পাশের এই এলাকাটি শহরের প্রবেশপথ হওয়ায় এখানে সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা গেলে চাঁদপুরের সামগ্রিক সৌন্দর্যও বাড়বে। তাঁদের মতে, বিদ্যাবতী খালকে ঘিরে একটি পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে এটি শহরের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হতে পারে।

চাঁদপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহিনুর রহমান বলেন, সংসদ সদস্যের নির্দেশনায় শহরের সৌন্দর্য বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান জানান, আপাতত ওয়ারলেস থেকে বাবুরহাট পর্যন্ত তিন কিলোমিটার অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। পরবর্তী সময়ে বরাদ্দ পাওয়া গেলে নতুন করে কাজ শুরু করা হবে।