বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

গভীর রাতে শাহরাস্তির প্রত্যন্ত অঞ্চলে অসহায় শীতার্তদের পাশে প্রভাতের একঝাঁক তরুণ

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৫:৫৫ পিএম
গভীর রাতে শাহরাস্তির প্রত্যন্ত অঞ্চলে অসহায় শীতার্তদের পাশে প্রভাতের একঝাঁক তরুণ
চলমান শীতকে উষ্ণ করে তুলতে চাঁদপুরের শাহরাস্তিতে অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে প্রতি বছরের ন্যায় এবছরও শীত বস্ত্র বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা।
গত ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে কয়েক ধাপে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, শাহরাস্তি শাখার সভাপতি আইনুন নাহার ও সাধারণ সম্পাদক আরিয়ান খান এমরানের তত্বাবধানে কম্বল বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার মহিলা কমিশনার রাবেয়া বসরী বকুল, ওয়ারুক বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাজিকুল ইবাদ।
জানা যায়, গত এক সপ্তাহে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার, বলশীদ, মেহের রেল স্টেশন, কালিয়াপাড়া বাজার, উপলতা, টামটা, সূচিপাড়া, লাকামতা, শোরশাক, পাথৈর ও ভড়ুয়া সহ আরো কয়েকটি এলাকায় আনুষ্ঠানিক এবং রাতের গভীরে ভ্রাম্যমাণ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন প্রভাত শাহরাস্তি শাখার একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।
এদিকে চলমান শীতে উষ্ণতার পরশ হিসেবে কম্বল পেয়ে মহা খুশি শীতে কষ্ট পাওয়া অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ।
এই সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন নিয়মিত। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, শাহরাস্তি শাখার সহ সভাপতি রাসেল হোসেন জাবেদ, প্রচার সম্পাদক ইশরাক আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য রাশেদুল আলম, তানভীর হোসেন, মোশারফ হোসেন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।