বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

রাজরাজেশ্বরে

বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭:৩৭ পিএম
বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহিদদের স্মরণে রাজরাজেশ্বরে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন মুফতী আব্দুস সাত্তার বিন সাঈদ।

বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহিদদের স্মরণে রাজরাজেশ্বর ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভার এ আয়োজন করেন ইসলামী ছাত্র আন্দোলন রাজরাজেশ্বর ইউনিয়ন শাখা।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুস সাত্তার বিন সাঈদ।
১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতী ইমরান হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনে গণহত্যায় সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।