রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় দাবার আসরে শাহরাস্তির আয়াজ দেশ সেরা চ্যাম্পিয়ন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৮:৪২ পিএম
৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় দাবার আসরে শাহরাস্তির আয়াজ দেশ সেরা চ্যাম্পিয়ন

৫১তম গ্রীষ্মকালীন স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে জাতীয় দাবা বালক(বড়) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আবদুল্লা খাজির বিন আয়াজ পুরস্কার গ্রহন করছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাতের কাছ থেকে।

শাহরাস্তির আবদুল্লা খাজির বিন আয়াজ ৫১তম গ্রীষ্ম কালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা দাবা বালক (বড়) বিভাগে দেশ সেরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
সে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর মেধাবী ছাত্র।
সম্প্রতি বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে কুমিল্লা অঞ্চলের প্রতিনিধি রুপে আবদুল্লা খাজির বিন আয়াজ বরিশালে অনুষ্ঠিত ৫১তম গ্রীষ্ম কালীন জাতীয় এ প্রতিযোগিতায় অংশ নেয় এবং সারা দেশের মধ্যে চ্যাম্পিয়ন খেলোয়াড় হিসেবে সনদ, মেডেল ও ট্রফি গ্রহন করে।
এ উপলক্ষে আজ শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো.ইয়াসির আরাফাতের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও তার পরিবার সূত্র জানায়, সে ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তার রোল নং-১। তার পিতা মো.আয়াজ গাজী ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও মাতা খোদেজা বেগম উপজেলার শোরসাক সপ্রাবির প্রধান শিক্ষিকা।
আবদুল্লা খাজিরের এ কৃতিত্বের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের দাতা সদস্য মো.ইকবাল হোসেন ভূ্ঁইয়া সহ অন্যান্য সদস্য ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদ এবং শিক্ষক মন্ডলী।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।