রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নোয়াগাঁও ড্রিম টিম ক্লাবের আয়োজনে মাদক বিরোধী ডে নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১২:১৯ এম
নোয়াগাঁও ড্রিম টিম ক্লাবের আয়োজনে মাদক বিরোধী ডে নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌরসভার ১২ নং ওয়ার্ডের নোয়াগাঁও ড্রিম টিম ক্লাবের আয়োজনে মাদক বিরোধী ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ (২য় আসর) শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

১২ নং ওয়ার্ড যুবদল সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ এস এম লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, ছাত্রনেতা শাহাদাত হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাসেল ইসলাম সুজন, আনোয়ার হোসেন প্রমুখ।

Model Hospital

প্রধান অতিথি আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি উদ্ভোধনী বক্তব্যে বলেন, দেশে মাদক বিস্তারে আধিপত্য করছে একশ্রেণীর মানুষ, ঠিক এই সময় নোয়াগাঁও ড্রিম টিম সংগঠনের এক দল যুবক সোচ্চার হয়ে মাদক বিরোধী বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে।

এর ধারাবাহিকতায় সংগঠনটি মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার নিমিত্তে আয়োজন করে মাদক বিরোধী ডে নাইট টুর্নামেন্টের ২য় আসর। যুব সমাজকে মাদকের থেকে দূরে রাখার জন্য এমন খেলাধূলার প্রোগ্রাম প্রতিটা ওয়ার্ড, পাড়া – মহল্লায় সামনের দিনগুলোতে হবে। আমি যুব সমাজের এমন উদ্যোগের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

টুর্নামেন্টের এ খেলায় মোট ২৪ টি দলের সমম্বয়ে টুর্নামেন্ট গঠন করা হয়েছে, প্রতিটি খেলায় ২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। খেলায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।