শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারী কেলেংকারীতে জড়িত শিক্ষকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৪ পিএম
নারী কেলেংকারীতে জড়িত শিক্ষকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন
চাঁদপুর জেলার শাহরাস্তিতে চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষক ডাঃ মঞ্জুরুল ইসলাম মোহনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার পরেও বহাল তবিয়তে ক্লাস নেয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা সংবাদ সম্মেলন করেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কলেজ প্রাঙ্গনে ভুক্তভোগী শিক্ষার্থী ও শিক্ষকরা, সাময়িক বরখাস্ত হওয়া সাবেক অধ্যক্ষ মোঃ তামজীদ হোসেন ও শিক্ষক ডাঃ মঞ্জুরুল ইসলাম মোহনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কলেজ নিয়ে মিথ্যাচার ও সম সাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আমরা নারী শিক্ষার্থীরা এই কলেজে অভিযুক্ত শিক্ষকের কাছে নিরাপদ নই। সেই প্রেক্ষিতে গত ১১ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর কলেজ শিক্ষার্থী উম্মে সুমাইয়া রশিদ, ডাঃ মঞ্জুরুল ইসলাম মোহনের কুকীর্তির বিচার চেয়ে একটি অভিযোগ দায়ের করেন। গত ২০ আগষ্ট একই কলেজের শিক্ষার্থী আম্মাতুল নূর নারী লিপ্সু শিক্ষক মোহনের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ দায়ের করেন। তবে অজানা কারণে অভিযুক্ত শিক্ষককে পুনর্বহালের জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে।
তারা আরও বলেন, দূর্ণীতি ও নারী কেলেংকারীতে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ তামজীদ হোসেনের ঘনিষ্ঠ ব্যক্তি ডাঃ মঞ্জুরুল ইসলাম মোহন নিজেও নারী কেলেংকারীতে অভিযুক্ত। তা তদন্ত রিপোর্টে স্পষ্ট উল্লেখও রয়েছে। এমনকি বর্তমানেও অনেক মেয়ে শিক্ষার্থীদের তিনি কু প্রস্তাবও দিচ্ছেন। অভিযুক্ত শিক্ষক দোষী সাব্যস্থ হওয়ার পরেও কিভাবে আবার ক্লাস নিতে আসে কলেজে। আমরা আদৌ কি তার কাছে নিরাপদ?
তাই সুষ্টু তদন্তের মাধ্যমে তাকে বহিষ্কারের পাশাপাশি কঠিন শাস্তির দাবি জানাচ্ছি আমরা৷ এজন্য চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহি কর্মকর্তা, জেলা প্রশাসক, জেলা পুলিশ, শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকলের নিকট আমরা সহযোগিতা চাচ্ছি।
একই সময়ে কলেজের শিক্ষকরা বহিষ্কৃত অধ্যক্ষ তামজীদ হোসেনের দাম্ভিকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ড নিয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করেন। স্থানীয় কিছু পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র সমালোচনা করে তারা দোষী ব্যক্তিদের কঠিন শাস্তির দাবি জানান। পাশাপাশি শিক্ষা বান্ধব কর্ম পরিবেশ তৈরীতে স্থানীয় প্রশাসন, সচেতন অভিভাবক ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।