বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কেন্দ্রীয় বিএনপি নেতা আজম খানের পক্ষ থেকে

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আশিকাটিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫, ৭:৪৪ পিএম
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আশিকাটিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা সদস্য আজম খানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) বাদ আসর চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার আয়োজন সম্পন্ন হয়।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহাদাত হোসেন খান।
এসময় তিনি জিয়াউর রহমানের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শহীদ জিয়া দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক। তার সততা, দেশপ্রেম, ভালোবাসার নৈতিকতাকে বুকে ধারণ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডের ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, আশিকাটি ইউনিয়নের বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি সাজ্জাদুল হক সোহাগ, আশিকাটি ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃ মোতালেব খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খান সাব্বির সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও মুসল্লীগণ।
এসময় মরহুম জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আব্দুর রহমান।
পরে মিলাদে অংশ নেয়া মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।