রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

২০২৬ সালের এপ্রিলে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৮:১৯ পিএম
২০২৬ সালের এপ্রিলে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন।

ড. ইউনূস বলেন, “নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সর্বজনগ্রাহ্য হয়, সে লক্ষ্যে দেশের সব রাজনৈতিক শক্তির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি। বিচার ও সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করে আজ আমি দেশবাসীকে জানাচ্ছি—২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন যথাসময়ে বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে।”

তিনি বলেন, “আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই যা দেখে শহীদদের আত্মা শান্তি পাবে, জাতি গর্ববোধ করবে। এই নির্বাচন হতে হবে সবচেয়ে অংশগ্রহণমূলক, যেখানে সর্বোচ্চ সংখ্যক ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দল অংশ নেবে।”

Model Hospital

প্রধান উপদেষ্টা আরও বলেন, “দীর্ঘ দেড় দশক পর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি প্রকৃত সংসদ গঠিত হবে। তরুণ ভোটারদের বিশাল একটি অংশ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে, যা দেশের জন্য একটি ইতিবাচক ধাপ।”

ভাষণে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করুন—তারা যেন ভবিষ্যৎ সংসদের প্রথম অধিবেশনেই গৃহীত সংস্কার সিদ্ধান্তগুলো অপরিবর্তিতভাবে অনুমোদন করেন। তারা যেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস না করেন এবং কখনও জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন না করেন।”

তিনি বলেন, “প্রার্থীদের কাছ থেকে অঙ্গীকার নিন—তারা সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা করবেন এবং দুর্নীতি, দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস, সিন্ডিকেট প্রথা থেকে দূরে থাকবেন।”

ড. ইউনূস আরও বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়—এটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার এক ঐতিহাসিক সুযোগ। পরিচিত দল ও প্রতীক থাকলেও, ভোটারদের মূল্যায়ন করতে হবে কে সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য প্রস্তুত, কে আদর্শের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।”

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।