হাজীগঞ্জের লাওকোরায় ড্রেজারের থাবায় বিলীন হচ্ছে ফসলি জমি
আইনকে বৃদ্ধ আংগুলি দেখিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের ইলিয়াস বেপারী ও আবু বকর নামে প্রভাবশালী চক্র অবৈধ মিনি ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে রমরমের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমির স্তর নষ্ট হচ্ছে, অন্যদিকে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে আশঙ্কাজনক হারে।

রবিবার (৬ জুলাই) সরজমিনে গিয়ে দেখা যায়- জমির মালিক বালু সিন্ডিকেটের মূল হোতা ইলিয়াস বেপারী ও আবু বকর ভূইয়া আইনকে বৃদ্ধ আংগুলি দেখিয়ে লাওকোড়া পশ্চিম মাঠে প্রায় ১ একর কৃষি জমিতে মিনি ড্রেজার বসিয়ে ধ্বংস করে দিচ্ছে ফসলি জমি। যেন দেখার কেউ নেই। বিষয়টি নিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। অনেকেই বলছেন, যদি এভাবে কৃষিজমি ধ্বংস হতে থাকে, তাহলে ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দিতে পারে।

নাম বলতে অনিচ্ছুক কয়েক কৃষক জানান- ইলিয়াস বেপারী নামের এক প্রভাবশালী চক্র ক্ষমতার অপব্যবহার করে মিনি ড্রেজার বসিয়ে কৃষি জমিগুলো ধ্বংস করে দিচ্ছে। আমাদের পাশের জমিতে ড্রেজার মেশিন লাগানো হয়েছে এতে করে আমাদের জমির গুলো ভাঙ্গার আশঙ্কা রয়েছে। উপজেলা প্রশাসনের তেমন কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। এতে করে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে।

এবিষয়ে ইলিয়াস বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন-সব কিছু আবু বকর জানে। আমাকে ড্রেজারের বিষয়ে আপনারা কোন প্রশ্ন করবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ বলেন- আগামীকাল ব্যবস্থা নেওয়া হবে।





