চাঁদপুরে রাব্বি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী রহিম গাজী আটক, কারাগারে প্রেরণ
চাঁদপুর শহরের আলোচিত রাব্বি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও হত্যায় সরাসরি জড়িত ক্লাব রোড এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রহিম গাজী (৪৫) কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

রহিম গাজী শহরের বড় স্টেশন ৭ নম্বর ওয়ার্ডের ক্লাব রোড এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে মাদকের “সম্রাট” হিসেবে পরিচিত।

ঘটনাটি ঘটে চলতি বছরের ১৪ মে রাতে। ওইদিন রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে মারধর করে ফেলে রাখা হয় চাঁদপুর শহরের রেলওয়ে বড় স্টেশনের কয়লাঘাট এলাকায়।

পরে চাঁদপুর মডেল থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে ১৫ মে বিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রাব্বির মা জেসমিন বেগম এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রহিম গাজী দীর্ঘদিন পলাতক থেকে ক্লাব রোড এলাকায় মাদক বাণিজ্যের কেন্দ্র গড়ে তুলেছিলেন। তার স্থায়ী ঠিকানা শাহরাস্তি উপজেলায়। সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় তিনি আহত হলে পুলিশ পাহারায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, শুক্রবার (৩১ অক্টোবর) রহিম গাজীকে রাব্বি হত্যা মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে, ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া মামলার প্রধান আসামি বিপ্লব তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দেয় এবং হত্যাকাণ্ডে জড়িত রহিম গাজীসহ অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করে।





