কচুয়ার খড়ের স্তূপে ভয়াবহ আগুন: গবাদি পশুর খাদ্য পুড়ে ছাই
কচুয়ার দরিয়াহায়াতপুর গ্রামে খড়ের স্তূপে আগুন।
চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নে খড়ের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে ইউনিয়নের দরিয়াহায়াতপুর গ্রামের মধ্য বেপারী বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ওই বাড়ির একটি বড় খড়ের স্তূপ সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে আনুমানিক ৩০ হাজার টাকার সমপরিমাণ খড় পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই বেপারী বাড়ির খড়ের স্তূপে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও প্রচুর ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে বাড়ির বাসিন্দাদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। আগুন লাগার পরপরই আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং বালতি ও পাইপ দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। শুকনো খড় হওয়ায় আগুন দ্রুত স্তূপের গভীরে পৌঁছে যায়, ফলে এটি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের বেশ বেগ পেতে হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে ।

ক্ষতিগ্রস্ত খড়ের মালিক রমজান আলী ও ছোট ভাই রোস্তম জানান, অগ্নিকাণ্ডে গবাদি পশুর শীতকালীন খাদ্য হিসেবে মজুত করা বিপুল পরিমাণ খড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুগ্ধ খামারের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, জ্বলন্ত বিড়ি-সিগারেট বা অসাবধানতাবশত আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে।

শীতের এই মৌসুমে শুকনো খড়ে আগুন লাগার ঝুঁকি বেশি থাকে। তাই বাড়ির পাশে খড়ের স্তূপ বা লাকড়ির ঘরের আশেপাশে রান্নার চুলা বা বিড়ি-সিগারেট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।






