বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার খড়ের স্তূপে ভয়াবহ আগুন: গবাদি পশুর খাদ্য পুড়ে ছাই

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:০২ পিএম
কচুয়ার খড়ের স্তূপে ভয়াবহ আগুন: গবাদি পশুর খাদ্য পুড়ে ছাই

কচুয়ার দরিয়াহায়াতপুর গ্রামে খড়ের স্তূপে আগুন।

​চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নে খড়ের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে ইউনিয়নের দরিয়াহায়াতপুর গ্রামের মধ্য বেপারী বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ওই বাড়ির একটি বড় খড়ের স্তূপ সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে আনুমানিক ৩০ হাজার টাকার সমপরিমাণ খড় পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই বেপারী বাড়ির খড়ের স্তূপে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও প্রচুর ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে বাড়ির বাসিন্দাদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। আগুন লাগার পরপরই আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং বালতি ও পাইপ দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। শুকনো খড় হওয়ায় আগুন দ্রুত স্তূপের গভীরে পৌঁছে যায়, ফলে এটি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের বেশ বেগ পেতে হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে ।

ক্ষতিগ্রস্ত খড়ের মালিক রমজান আলী ও ছোট ভাই রোস্তম জানান, অগ্নিকাণ্ডে গবাদি পশুর শীতকালীন খাদ্য হিসেবে মজুত করা বিপুল পরিমাণ খড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুগ্ধ খামারের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, জ্বলন্ত বিড়ি-সিগারেট বা অসাবধানতাবশত আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে।

​শীতের এই মৌসুমে শুকনো খড়ে আগুন লাগার ঝুঁকি বেশি থাকে। তাই বাড়ির পাশে খড়ের স্তূপ বা লাকড়ির ঘরের আশেপাশে রান্নার চুলা বা বিড়ি-সিগারেট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।