বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে খোলা তেল বোতলজাত করে বিক্রি করা যাবে না : ডিসি নাজমুল ইসলাম

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:৪৭ পিএম
চাঁদপুরে খোলা তেল বোতলজাত করে বিক্রি করা যাবে না : ডিসি নাজমুল ইসলাম

চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খোলা তেল বোতলজাত করে বিক্রি করা যাবে না। পাম্প ছাড়া খোলা তেল বিক্রি সম্পূর্ণ অবৈধ। যারা অবৈধভাবে বিভিন্ন স্থানে খোলা তেল বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, অসাধু ও দুষ্কৃতিকারীরা অনেক সময় খোলা তেল ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে থাকে। তাই এ বিষয়ে কঠোর নজরদারি বাড়াতে হবে। তেলের ওপর সরকার ভর্তুকি প্রদান করে থাকে, ফলে এর সঠিক ব্যবহার ও সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যারা তেল সরবরাহ ও বিপণনের সঙ্গে জড়িত, তাদের সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং যেকোনো অনিয়ম দেখলে তা দ্রুত প্রশাসনকে জানাতে হবে।

Model Hospital

জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার আরও বলেন, লাইসেন্স ছাড়া পেট্রোল-অকটেন বিক্রি করা যাবে না এবং পাম্পগুলোতে তেলের মজুদ স্বাভাবিক রাখতে হবে। তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা টাস্কফোর্স নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। অধিক মুনাফার জন্য তেলের কৃত্রিম সংকট তৈরি করলে পাম্প মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেল নিয়ে একশ্রেণীর মানুষ সারাদেশে মব সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। চাঁদপুরে এই ধরনের মব সৃষ্টিকারী আইনের দিক থেকে কোন ছাড় পাবে না। তেল বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন নিয়মিত মনিটরিং কার্যক্রম চালিয়ে যাবে।

অনুষ্ঠানে চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ ক্রাইম এন্ড অপস লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল চন্দ্র সাহা, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক বিল্পব সরকার, জেলা মহৎ কর্মকর্তা, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, তেল এজেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital