বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পুলিশ হেফাজতে ইমামের মৃত্যুর ঘটনায় মামলা প্রস্তুতি, বিচার ও নিরাপত্তার দাবি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:৪৩ পিএম
ফরিদগঞ্জে পুলিশ হেফাজতে ইমামের মৃত্যুর ঘটনায় মামলা প্রস্তুতি, বিচার ও নিরাপত্তার দাবি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশ হেফাজতে মারা যাওয়া ইমাম মাওলানা মিজানুর রহমানের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

নিহতের ছেলে মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, তাঁর বাবার মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে পরিবার আদালতের শরণাপন্ন হবে। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

এর আগে বৃহস্পতিবার রাত প্রায় ১০টায় জানাজা শেষে বাইতুল হামদ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মাওলানা মিজানুর রহমানকে দাফন করা হয়। দাফনের পর আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর কবর জিয়ারত করেন।

Model Hospital

নিহতের ছোট ভাই আনিসুর রহমান কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বলেন, “আমরা আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। পাশাপাশি আমার ভাবি ও ভাতিজার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।”

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, যাঁরা আগে মাওলানা মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের কাউকে এলাকায় দেখা যাচ্ছে না। একইভাবে, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করা কয়েকজন ব্যক্তিও স্বেচ্ছায় এলাকা ছেড়েছেন বলে এলাকাবাসীর দাবি।

উল্লেখ্য, বুধবার রাতে পুলিশ হেফাজতে মাওলানা মিজানুর রহমানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital