বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা

শাহরাস্তিতে মাদকের বিরুদ্ধে সোচ্চার পুলিশ ও শিক্ষার্থীরা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:৩২ পিএম
শাহরাস্তিতে মাদকের বিরুদ্ধে সোচ্চার পুলিশ ও শিক্ষার্থীরা
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী সচেতনতামূলক এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) শাহরাস্তি মডেল থানা ও ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে র‍্যালিতে পুলিশ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা “মাদককে রুখবো, সোনার বাংলা গড়বো” এবং “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। পরে র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে তাদের লেখাপড়া, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও পুলিশ কাজ করছে।
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।‌ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলে সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাবেক সভাপতি সাংবাদিক নেতা হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. বিল্লাল হোসেন, সিনিয়র শিক্ষক জহির, সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন ও সিনিয়র শিক্ষক মোস্তাফা কামালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রেখে লেখাপড়া ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।