বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মী কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত, অনির্দিষ্টকালের জন্য সংবাদ বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম
ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মী কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত, অনির্দিষ্টকালের জন্য সংবাদ বর্জনের ঘোষণা

ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত জরুরি প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখছেন আবু হেনা মোস্তফা কামাল।

চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, মারধর, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ কর্মরত সাংবাদিক ও ফরিদগঞ্জ প্রেসক্লাব।
বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভা থেকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মরত সাংবাদিকরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ফরিদগঞ্জে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। কয়েকদিন আগে ফরিদগঞ্জ বাজারে প্রকাশ্যে ‘দৈনিক ইত্তেফাক’-এর উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনের ওপর হামলা চালায় কতিপয় বিএনপি কর্মী। পরবর্তীতে স্থানীয় সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের অনুরোধ ও হস্তক্ষেপে বিষয়টি সমঝোতার পর্যায়ে পৌঁছায়। তবে সেই রেশ কাটতে না কাটতেই গত মঙ্গলবার রাতে আবারও সাংবাদিক মো. মহিউদ্দিনকে গালাগালি ও খোঁজাখুঁজি করে । এ সময় সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাছানকে মারধর করতে উদ্যত হয় তারা এবং প্রেসক্লাবভুক্ত সাংবাদিকদের উদ্দেশ্যে সরাসরি হুমকি-ধমকি প্রদর্শন করা হয়।
এছাড়া বক্তারা আরও অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দালাল চক্রের তথ্য সংগ্রহ, উপজেলা পরিষদে টেন্ডার সংক্রান্ত সংবাদ কাভারেজ এবং থানা এলাকায় কাজ করতে গিয়ে একাধিকবার সাংবাদিকরা হুমকি, গালাগাল ও কুপিয়ে জখম করার হুমকির মুখে পড়েছেন।
সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমাদের সহকর্মীদের ওপর অব্যাহত হামলা, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সকল সংবাদ প্রকাশ ও প্রচার অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত গৃহীত হলো। বুধবার (২৮ অক্টোবর) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
তবে ফরিদগঞ্জে বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও, দলের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ যদি নিজ উদ্যোগে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করেন এবং এসব ন্যক্কারজনক ঘটনার স্থায়ী সমাধান করতে পারেন, তবে প্রেসক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবে বলে জানান তিনি।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নুরুন্নবী নোমান,  সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন ও নুরুল ইসলাম ফরহাদ, বর্তমান সহ-সভাপতি মো. মহিউদ্দিন ও দেলোয়ার হোসেন বেলাল, সহ-সাধারণ সম্পাদক আমিন খাঁন স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, প্রচার ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক আমান উল্যাহ খাঁন ফারাবী, আইসিটি সম্পাদক ফাহাদ খাঁন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য নারায়ন রবিদাস, এসএম ইকবাল, শিমুল হাছান, আনিসুর রহমান সুজনসহ আরও অনেকে।

৫ নভেম্বর চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্প-২০২৬ এর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ পিএম
৫ নভেম্বর চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্প-২০২৬ এর উদ্বোধন
চাঁদপুর প্রেস ক্লাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ/ সাংবাদিকবৃৃন্দ , চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ,  চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, তাদের পরিবারের সদস্যবৃন্দ  এবং মাঠ পর্যায়ের পেশাগত  সাংবাদিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  আগামী ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব ভবনের (নিচতলার কমিউনিটি সেন্টার) বিশাল আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো উদ্বোধন হতে যাচ্ছে ডায়াবেটিক চিকিৎসা, চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্প-২০২৬।
চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে ডায়াবেটিক চিকিৎসা, চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্প-২০২৬ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গতকাল ২৮অক্টোবর চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র প্রেরিত এক বার্তায় এ তথ্য জানা যায়।
উক্ত ক্যাম্পে নিন্মলিখিত প্রতিষ্ঠানের মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হবে—১. চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল: সাধারণ স্বাস্থ্যসেবা।
২. চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল: ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা।
৩. চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল: চক্ষু পরীক্ষা ও চোখের চিকিৎসা সেবা।
সংশ্লিষ্ট হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম এসব সেবা প্রদান করবেন।
উক্ত স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহণ করে চিকিৎসাসেবা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল সদস্য, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও  সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এ ব্যাপারে যে কোন তথ্য জানতে প্রয়োজনে প্রেস ক্লাব সভাপতির সাথে মোবাইলে বা হোয়াটসঅ্যাপ( নং০১৭১১০১৩৪৪৪) যোগাযোগ করতেও অনুরোধ করা হলো।
উল্লেখ্য, চিকিৎসা নিতে আগ্রহীদের সদস্য/সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের নাম ও সংখ্যা অগ্রীম প্রেস ক্লাবের অফিস ইনচার্জ কাম
ম্যানেজার মো: মাসুদ দেওয়ানের নিকট মৌখিক ভাবে তালিকাভুক্ত করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।