বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

৫ নভেম্বর চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্প-২০২৬ এর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ পিএম
৫ নভেম্বর চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্প-২০২৬ এর উদ্বোধন
চাঁদপুর প্রেস ক্লাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ/ সাংবাদিকবৃৃন্দ , চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ,  চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, তাদের পরিবারের সদস্যবৃন্দ  এবং মাঠ পর্যায়ের পেশাগত  সাংবাদিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  আগামী ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব ভবনের (নিচতলার কমিউনিটি সেন্টার) বিশাল আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো উদ্বোধন হতে যাচ্ছে ডায়াবেটিক চিকিৎসা, চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্প-২০২৬।
চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে ডায়াবেটিক চিকিৎসা, চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্প-২০২৬ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গতকাল ২৮অক্টোবর চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র প্রেরিত এক বার্তায় এ তথ্য জানা যায়।
উক্ত ক্যাম্পে নিন্মলিখিত প্রতিষ্ঠানের মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হবে—১. চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল: সাধারণ স্বাস্থ্যসেবা।
২. চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল: ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা।
৩. চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল: চক্ষু পরীক্ষা ও চোখের চিকিৎসা সেবা।
সংশ্লিষ্ট হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম এসব সেবা প্রদান করবেন।
উক্ত স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহণ করে চিকিৎসাসেবা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল সদস্য, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও  সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এ ব্যাপারে যে কোন তথ্য জানতে প্রয়োজনে প্রেস ক্লাব সভাপতির সাথে মোবাইলে বা হোয়াটসঅ্যাপ( নং০১৭১১০১৩৪৪৪) যোগাযোগ করতেও অনুরোধ করা হলো।
উল্লেখ্য, চিকিৎসা নিতে আগ্রহীদের সদস্য/সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের নাম ও সংখ্যা অগ্রীম প্রেস ক্লাবের অফিস ইনচার্জ কাম
ম্যানেজার মো: মাসুদ দেওয়ানের নিকট মৌখিক ভাবে তালিকাভুক্ত করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।