সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায়

বিগত ২১ বছর ধরে সুখে-দুঃখে আপনাদের পাশেই ছিলাম, ভবিষ্যতেও থাকব : সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৮ পিএম
বিগত ২১ বছর ধরে সুখে-দুঃখে আপনাদের পাশেই ছিলাম, ভবিষ্যতেও থাকব : সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ।

ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে এক বিশাল আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে বিআরডিবি মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজন আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী ও মহসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, উপজেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন ভূঁইয়া ও মো. রাসেদ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিনের ক্রান্তিলগ্নে শক্ত হাতে হাল ধরে দেশকে সুসংগঠিত করেছিলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, শিত আসলে কিছু কিছু লোকের সমস্যা হয়। এতে আপনারা বিচলিত হবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা এবং বর্তমান প্রধানমন্ত্রী মন্ত্রী তারেক রহমান দল বিএনপি। দীর্ঘদিন পর দল রাষ্ট্রীয় দায়িত্বে এসেছে। এই অর্জনকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। দল বাঁচলে আমরা ভালো থাকব। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা দেখেছেন কীভাবে মামলা-হামলার শিকার হয়েও আমরা জনগণের পাশে থেকেছি। বিগত ২১ বছর ধরে সুখে-দুঃখে আপনাদের পাশেই ছিলাম, ভবিষ্যতেও থাকব।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ইস্পাতকঠিন ঐক্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার এবং জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিরাজ সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

চাঁদপুর মেডিকেল কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ পিএম
চাঁদপুর মেডিকেল কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর মেডিকেল কলেজের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ডা. সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম মাহাবুবুর রহমান, ড্যাব চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. এম এ গফুর মিয়া এবং চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হাসানুর রহমান।

আলোচনা সভায় চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনের সুদূরপ্রসারী তাৎপর্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় তাঁরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও অবদানের ওপরও আলোকপাত করেন।

Model Hospital

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ বহুগুণ বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ঐতিহ্যবাহী খাবার বিতরণ করা হয়।