মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

মো. মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা
কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অনুমোদনহীন ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউপিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান।
অভিযানকালে অনুমোদনবিহীন ড্রেজার মেশিনের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
এ সময় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কাটার অপরাধে মোসাদপাড়া গ্রামের মো. আবুল কাশেম (৭৪)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান বলেন, কৃষিজমির উর্বর টপ সয়েল কেটে ফেলা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলনের ফলে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা আবদুল করিম ভূঁইয়া, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা।

কচুয়ায় মসজিদের অর্থ নিয়ে দুই পক্ষের হামলায় আহত-১০, পাল্টাপাল্টি অভিযোগ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
কচুয়ায় মসজিদের অর্থ নিয়ে দুই পক্ষের হামলায় আহত-১০, পাল্টাপাল্টি অভিযোগ

কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের দরিগোবিন্দপুর গাউছুল আজম জামে মসজিদের তহবিলে জমা অর্থ নিয়ে দুই পক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। গত শুক্রবার (০৬ নভেম্বর) বাদ জুমার নামাজের পর মসজিদের প্রাঙ্গনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি কচুয়া থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, মসজিদের উন্নয়নের তহবিলের টাকা  এলাকার মুসল্লিরা  মসজিদ কমিটির সভাপতি বিল্লাল হোসেন গাজীর কাছে হিসাব চাইলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে আলী আজম, কামাল হোসেন গাজী ও আনোয়ার হোসেন গাজী গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অন্যান্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।
মসজিদের মুসল্লি ও কমিটির সদস্য দিদার গাজী জানান, মসজিদ কমিটির সভাপতি বিল্লাল হোসেন গাজী স্বেচ্ছাচারিতা ও মসজিদের মুসল্লিদের অনুদানের টাকা আত্মসাৎ করার জন্য একটি পায়তারা শুরু করে।
মসজিদের অনুদান তহবিলে জমা ৩৩ হাজার টাকা হিসাব চাইলে, মসজিদের ২০ হাজার টাকা বাবদ খরচ  দেখায়। বাকি ১৩ হাজার  টাকা হিসাব দিতে না পারায় সভাপতি বিল্লাল হোসেন এক পর্যায়ে তর্কবিতর্ক জড়িয়ে পড়ে। সভাপতির লোকজন দলবদ্ধ হয়ে আমাদের উপর চড়া হয়ে এলোপাথাড়ি হামলা চালায়। তাদের হামলায় মসজিদের মধ্যে আজম আলী, হৃদয় হোসেন, আরিফুল ইসলাম, জিলানী ও আলী হোসেন আহত হয়।
আহতদের মধ্যে আজম আলী গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।
তিনি আরো জানান, বিল্লাল হোসেন গাজীর লোকজন ঘটনার পরের দিন (৭ই নভেম্বর)  সকালে বাড়ির পাশে আমার ছোট ভাই দোকানের কাছে একা পেয়ে তারপর উপর ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি কিলঘুষি মেরে আহত করেন।  আমাকে যেখানে পাবে, ওই জায়গায় আক্রমণ করবে প্রকাশ্যে হুমকি দুমকি দেয়। তাদের হুমকির আতঙ্কের ভয়ে আমিও আমার পরিবার লোকজন  নিরাপত্তাহীনতা রয়েছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার জানান, মসজিদের হিসাব নিকাশ সভাপতির কাছ থেকে চাইতে গেলে মুসল্লিদের সাথে তর্কবিতর্ক জড়িয়ে পড়ে।
এক পর্যায় উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে।
মসজিদ কমিটির সভাপতি বিল্লাল হোসেন গাজী জানান, মসজিদ ফান্ডের ১৩ হাজার টাকা ক্যাশ আমার কাছে রয়েছে। আমি প্রায় মসজিদ সংস্কারের জন্য  ৫০ টাকা মালামাল কক্র করেছি। তারা যে অভিযোগগুলো উপস্থাপনা করেছে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ওই এলাকার মুসল্লী বাবুল গাজী বলেন, মসজিদের অনুদান তহবিলে ১৩ হাজার টাকা ছিলো। ওই টাকাসহ সভাপতি বিল্লাল হোসেন গাজীর  ভাইয়ের কাছ আরো ২০ হাজার টাকা নিয়ে মজিদ সংস্কারের জন্য ৪ হাজার ইট ক্রয় করেন। সুস্থ ও তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন এলাকার মুসল্লীরা।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।