হাজীগঞ্জে আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য হত্যার ঘটনায় মামলা দায়ের, আটক-২
হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় নারী ও পুরুষ’সহ আটক ২ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার কসাই জাকির পরিচিতি জাকির মুন্সী ও আমেনা বেগমের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশনা দেন বিচারক।

এর আগে বুধবার (১১ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় মরহুম কলিম উদ্দিন মুন্সী বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার মুন্সী বাড়ির জয়নাল আবেদীনের স্ত্রী ও তার দুই পূত্রবধূসহ একই বাড়ির জলিল মুন্সীর ছেলে জাকির মুন্সীকে আটক করে পুলিশ।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জাকির মুন্সী ও আমেনা বেগমকে সন্দেভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। বাকি দুইজনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আটকের আগে জাকির মুন্সী সংবাদকর্মীদের জানান, বুধবার সকাল সাড়ে দশটার দিকে আমি গোসল করতে পুকুরে নামি। এসময় আমার ডান পায়ে কিছু একটা লাগলে আমি ভয়ে ডাক-চিৎকার শুরু করি। তখন মানুষ এসে জড়ো হয় এবং আমার কথা শুনে। পরবর্তীতে স্থানীয় মেম্বারের নির্দেশনায় আমরা তিনজনে মিলে মেম্বারের লাশ উদ্ধার করি।

এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে। নিহত মো. দুলাল আলম ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।
এদিকে দুলাল আলমের ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে নিহতের এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাযায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় ও এলাকাবাসী এবং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শতাধীক লোক অংশগ্রহণ করেন।
এ বিষয়ে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, বিষয়টি আমি জানতে পেরে তাৎখনিক ঘটনাস্থলে ছুটে আসি। তখন আমিসহ সকলে সাবেক ইউপি সদস্য দুলাল আলমের মাথায় বড় ধরনের আঘাতের চিহৃ দেখতে পেয়েছি। আমরা চাই, প্রকৃত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
তিনি আরো বলেন, দুলাল আলমের বাড়ি নোয়াপাড়া গ্রামের পূর্বপাড়া। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, তিনি আত্মীয়তার সম্পর্কের পরিচয়ে একই গ্রামের পশ্চিম পাড়া মুন্সী বাড়িতে প্রায় সময় আসতেন এবং তার মরদেহ উদ্ধারের আগের দিন সন্ধ্যায় তিনি এই বাড়িতে এসেছেন।
এদিকে সাবেক ইউপি সদস্য দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী ও ছেলে তামিম’সহ তার স্বজনরা জানান, নিহতের মাথা’সহ শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। তারা হত্যা দাবী করে বিষয়টির তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, দুইজনকে সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ এবং বাকি দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





