মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো একটি ইটভাটা

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০৪ পিএম
ফরিদগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো একটি ইটভাটা
চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার দুটি ইটভাটায় অভিযান চালিয়ে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালিত হয় মেসার্স মাহাবুব চেয়ারম্যান ব্রিকস ও মানিক রাজ ব্রিকসে। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বৈরী নেতৃত্ব দেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের আগস্ট মাসে জেলা প্রশাসকের সঙ্গে ইটভাটার মালিকদের এক সভায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট মালিকদের নোটিশও দেওয়া হয়। এরপরও অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযান শুরু করা হয়েছে।
সূত্রটি আরও জানায়, চাঁদপুর জেলায় চিহ্নিত ৪৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নের সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই বিছানায় ঘুম, একই কবরে চিরনিদ্রা! কয়লার আগুন কেড়ে নিল দুই হাফেজ ভাইয়ের প্রাণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২০ এম
একই বিছানায় ঘুম, একই কবরে চিরনিদ্রা! কয়লার আগুন কেড়ে নিল দুই হাফেজ ভাইয়ের প্রাণ

মাহফিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল দুই ভাই। পরদিন স্থানীয় একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। এজন্য রাতেই পাঞ্জাবি ইস্তিরি করেছিল। কিন্তু সেই ইস্তিরির জন্য জ্বালানো কয়লার আগুনই কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ। একসঙ্গে ঘুমাতে যাওয়া দুই ভাইয়ের শেষ ঠিকানা হলো পাশাপাশি দুটি কবর।

মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায়। নিহত দুই ভাই ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা দুজনই পবিত্র কোরআনের হাফেজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে একই বিছানায় ঘুমিয়ে ছিল দুই ভাই। ঘুমানোর আগে স্টিলের একটি বাটিতে কয়লা জ্বালিয়ে নিজেদের পাঞ্জাবি ইস্তিরি করেছিল তারা। পরদিন স্থানীয় বহদ্দারকাটা এলাকার একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। তবে ইস্তিরি শেষে কয়লার আগুন পুরোপুরি নেভানো হয়নি। ধারণা করা হচ্ছে, সেই আগুন থেকেই কাপড় কিংবা কম্বলে আগুনের সূত্রপাত হয়।

ঘরটির টিনের চালায় ছিদ্র থাকায় বৃষ্টি ঠেকাতে পলিথিনের ছাউনি দেওয়া হয়েছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাতাসের কারণে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়। মুহূর্তেই টিনের বেড়া ও টিনের চালার ছোট ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

Model Hospital

আগুনে দগ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে বড় ভাই ওমর ফারুক মারা যায়। ফারুকের জানাজা ও দাফনের প্রস্তুতির মধ্যেই আসে ছোট ভাই আবদুল্লাহর মৃত্যুর খবর। তীব্র যন্ত্রণা সহ্য করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি দুই ভাইকে।

দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা আরেফা ও বাবা ফজলে কাদের। বুক চাপড়াতে চাপড়াতে মা বারবার বিলাপ করে বলছিলেন, “আঁর দুওয়া কোরআনর পাখি আল্লাহ লই গিইয়ই। আঁই ক্যানে থাইক্কুম!”

জানা গেছে, চার ভাইয়ের মধ্যে ওমর ফারুক ও মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন বড়। তাদের ছোট আরও দুই ভাই রয়েছে। দুর্ঘটনার দিন বাবা ফজলে কাদের বাড়িতে ছিলেন না। মা আরেফাও অসুস্থ ছিলেন। এ কারণে ছেলেদের পাঞ্জাবি ইস্তিরি করার বিষয়টি তাঁর খেয়াল করা হয়নি।

মা-বাবার স্বপ্ন ছিল, বড় হয়ে দুই ছেলে ধর্মীয় শিক্ষায় আরও এগিয়ে যাবে। কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনায় নিমিষেই শেষ হয়ে গেল তাঁদের সব স্বপ্ন। একই বিছানায় ঘুমাতে যাওয়া দুই ভাইকে শেষ পর্যন্ত পাশাপাশি দাফন করা হয়েছে করাইয়াঘোনা মসজিদ কবরস্থানে।

দুই হাফেজ ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে দুই ভাইয়ের মাহফিলে যাওয়ার কথা ছিল, তাঁদের বিদায় জানাতে হয়েছে চিরদিনের জন্য।

একটি অসতর্ক মুহূর্ত, একটি পরিবারের সারা জীবনের কান্না।