মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তি ঠাকুর বাজারে চিংড়ি মাছে জেলি পুশ, ব্যবসায়ীকে জরিমানা

মো. মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৩২ পিএম
শাহরাস্তি ঠাকুর বাজারে চিংড়ি মাছে জেলি পুশ, ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ঠাকুর বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।অভিযানকালে চিংড়ি মাছের মধ্যে জেলি পুশ করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় হাজীগঞ্জ উপজেলার লাউকরা গ্রামের অভিযুক্ত ব্যবসায়ী মোঃ ইউসুফ (৪৫) নিজের অপরাধ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
এদিকে একই দিন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় ঠাকুর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওজন পরিমাপের যন্ত্রপাতি পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্ধারিত দামে বিক্রির জন্য বাজারের সকল ব্যবসায়ীর প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যে ভেজাল এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
খাদ্যপণ্যে এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অপরাধের তথ্য প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা আনসার সদস্যরা।

আ.লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মহামায়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ পিএম
আ.লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মহামায়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় সোমবার (১৬ অক্টোবর) বিকেলে মহামায়া পশ্চিম বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে মহামায়া পূর্ব বাজার গিয়ে শেষ হয়।
পরে সেখানে সিদ্দিক মোক্তার মার্কেট মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।
আপনারা জানেন, গতকালকে গোপালগঞ্জে তারা যে তান্ডব চালিয়ে তাদের সন্ত্রাসী কর্মকান্ডে অতীতের রূপ আবার ধারণ করেছে। শাহমাহমুদপুরের ঐতিহ্য আছে, হরতাল অবরোধের সময় ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির এই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য আপনাদের সেই ভূমিকা আবার রাজপথে পালন করে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে হবে।
আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুলহাস আহমেদ জুয়েল, মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ আলম মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোরশেদ আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন গাজী ও সহ কৃষি বিষয়ক সম্পাদক আক্তার খান।
এছাড়াও জেলা যুবদল নেতা রুমন হাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম বেপারী, শরীফ হোসেন বৈদ্য, মজিবুর রহমান মজু, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, কাসিম গাজী, শাহ মাহমুদ সেলিম, অলিউল্লাহ গাজী, সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহাগ তপদার, সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, যুবদল নেতা শওকত কারী, ফয়সাল হাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, সদস্য সচিব শাকিল পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা আক্তার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে এদিন সকাল থেকে মহামায়া পশ্চিম বাজারে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি পালন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় পুরো মহামায়া বাজারে একটি শোডাউন দেন দলীয় নেতৃবৃন্দ।