বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

নাওড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৯:০৪ এম
নাওড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : নাওড়া আলোকিত সমাজের উদ্যোগে নাওড়া জামে মসজিদে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল শুক্রবার উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোকিত নাওড়া গ্রামের যুবকদের উদ্যোগে বাদ আছর নামাজের পর থেকে রমজানের শিক্ষা ও হাকিকত নিয়ে আলোচনা করেন মসজিদের ইমাম মুফতি মানজুর আহমদ ফয়েজী। আলোচনা শেষে পাটওয়ারী পরিবারের সকল মরহুম ও জীবিত সদস্যগন সহ মুসল্লীদের জন্য দোয়া করা হয়। অতঃপর উপস্থিত সকলে ইফতারে অংশ গ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি শামসুল আলম পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পাটওয়ারী সহ কমিটির সকল সদদ্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলোকিত নাওড়া গ্রামের যুবশ্রেণি। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন।
উল্লেখ্য, নাওড়া জামে মসজিদটি নাওড়া গ্রামের বিখ্যাত পাটওয়ারী পরিবারের উদ্যোগে স্থাপিত হয়েছে। যে পরিবারে কৃত্তি সন্তানদের মধ্যে উল্লেখযোগ্যগণ হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও শাহরাস্তি-হাজীগঞ্জের চারবারের সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবেক সচিব ড. আবদুস সাত্তার, কর্নেল দেলোয়ার, ক্যাপটেন জাকারিয়া, মরহুম শফিউল্লাহ পাটওয়ারী, পন্ডিত ফরিদ উদ্দিন, হায়দার আলী পাটওয়ারী সহ প্রমুখ। পাটওয়ারী পরিবারের পূর্ব পুরুষ এবং তাঁদেরই বর্তমান প্রজন্ম শুরু থেকে এখন পর্যন্ত এই মসজিদটির সার্বিক তত্বাবধান করে আসছেন। মসজিদটি কলেবরে বৃদ্ধি পেয়ে বর্তমানে শাহরাস্তি উপজেলায় একটি নান্দনিক মসজিদ হিসাবে সারা উপজেলায় পরিচিতি লাভ করেছে।

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।