বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মহানবী (সাঃ) এর কটুক্তির প্রতিবাদে সুহৃদ সমাজের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৬:৫৩ পিএম
শাহরাস্তিতে মহানবী (সাঃ) এর কটুক্তির প্রতিবাদে সুহৃদ সমাজের মানববন্ধন
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে  মহানবী (সাঃ) এর কটুক্তির প্রতিবাদে সুহৃদ সমাজের আয়োজনে মানববন্ধনে এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর সামাজিক সংগঠন সুহদ সমাজের উদ্যোগে উপজেলার ঠাকুর বাজার চৌধুরী জামে মসজিদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, চৌধুরী জামে মসজিদের খতিব মাওঃ আল আমিন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুহৃদ সমাজের প্রধান নির্বাহী মোঃ হাসানুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মোঃ মাহবুব আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহনুর আলম ইমন প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন- ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা টেলিভিশন শোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত যে বক্তব্য প্রদান করেছে। সেই সাথে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেছে। যেটি দুঃখজনক, লজ্জাস্কর, ক্ষমার অযোগ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো নির্লজ্জ বক্তব্য।
সেজন্য অবশ্যই বিশ্ব নেতা মুসলমানের হৃদয়ের স্পন্দন সর্বকালের শ্রেষ্ঠ মানব মহানবী ( সা:) উদ্দেশ্য করে করা কটূক্তি ও বিতর্কিত বক্তব্য ওই দেশ থেকে অবশ্যই প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।