সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চাঁদপুর জোন-৬ এর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুন, ২০২২, ৩:৫৮ পিএম
জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চাঁদপুর জোন-৬ এর উদ্বোধন
মাসুদ হোসেন : ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এ শ্লোগানে এই প্রথম ডিজিটাল উপায়ে সপ্তাহ ব্যাপী চাঁদপুর জোন-৬ (শাহমাহমুদপুর ও রামপুর ইউনিয়ন) এর জনশুমারি ও গৃহগণনা- ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টায় রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পাটওয়ারী বাড়ির নিজ খানায় বসে এর শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী। উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান জাতীয় পরিকল্পনা প্রণয়নে সঠিক ও নির্ভুল পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে অনুষ্ঠিত প্রথম আদমশুমারিতে নিজেই নিজের তথ্য ফরম পূরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় এবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রথম ডিজিটাল জনশুমারি অনুষ্ঠিত হচ্ছে।
জোন-৬ এর জোনাল অফিসার মোঃ জাকির হোসাইন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হোসাইন আহমেদ দুলাল, জনশুমারি ও গৃহগণনার সুপারভাইজার মোঃ আব্দুর রহমান ও গণনাকারী মোঃ মাইন উদ্দিন। চাঁদপুর জোন-৬ এর জোনাল অফিসার জাকির হোসাইন জানান, ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ও রামপুর ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে জনশুমারি ও গৃহগণনা কাজ সম্পাদন করবে ১২৪ জন গণনাকারী। তাদেরকে নিয়ন্ত্রণ করবেন ১৯ জন সুপারভাইজার।
এর আগে সকাল ৮টায় জেলায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি। এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক নাঈমা রহমানসহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার