শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কুমিল্লা সিটির নতুন মেয়র নৌকার রিফাত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুন, ২০২২, ৪:৪৪ পিএম
কুমিল্লা সিটির নতুন মেয়র নৌকার রিফাত

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে জয় পেয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

১৫ জুন বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

নির্বাচনে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। দুজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

Model Hospital

প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করতে চাঁদপুরের হাজীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন-২০২৬। ‘সুস্থতার জন্য দৌড়’ স্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ৭৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বর থেকে দৌড় প্রতিযোগিতার সূচনা হয়। হাজীগঞ্জ বাজার, বিশ্বরোড ও বদরপুর মোড় ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় ৬ কিলোমিটারের এ দৌড়।
বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগীদের উৎসাহ দিতে সড়কের বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন দর্শনার্থীরাও।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের প্রধান লক্ষ্য। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মিজানুর রহমান সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসাইন এ আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

প্রতিযোগিতা বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও হাজীগঞ্জ থানা পুলিশ।

Model Hospital

দৌড় শেষে চারটি ক্যাটাগরির প্রতিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও মেডেল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি গ্রুপ থেকে আরও ২০ জন প্রতিযোগীকে মেডেল প্রদান করা হয়। প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিযোগীরা।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরও বৃহৎ পরিসরে মিনি ম্যারাথনের আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে হাজীগঞ্জে খেলাধুলার চর্চা বাড়ার পাশাপাশি সুস্থ ও সচেতন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।