বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ফরিদগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১১:৪৭ এম
শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ফরিদগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
এস. এম ইকবাল : সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ।
৩০ জুন বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় শিক্ষকরা দাবি করেন, সারাদেশে শিক্ষকদের শারীরিকসহ বিভিন্নভাবে লাঞ্ছিত ও সামাজিকভাবে হেয় করা হচ্ছে। ছোটখাটো ঘটনায় একতরফা তদন্ত করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শিক্ষকদের সাময়িক বরখাস্ত করা হচ্ছে, যা কোনোভাবেই বিধিসম্মত নয়। আমরা এই অবস্থার অবসান চাই।
তারা আরোও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য একটি মহল সুদূরপ্রসারী পরিকল্পনায় নেমেছে। এসব ঘটনা শিক্ষাক্ষেত্রে বর্তমান শিক্ষাবান্ধব সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ম্লান করে দিচ্ছে।
এসময় সাভার, নড়াইলসহ আরও বেশি কিছু জায়গায় শিক্ষকদের লাঞ্চনা ও হয়রানির ঘটনা উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, সহ-সভাপতি নেছার আহমেদ, সাধারন সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেন, সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম মিজানুর রহমান, রুপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন, মুন্সীরহাট জিএন্ডএ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, কেরোয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান দীপক কুমার রাউত প্রমূখ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।